অবৈধ ট্রলিসহ ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাকচাপায় নিহত স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ আলিয়াবাদ ইউনিয়নবাসী। ছবিটি আজ সকালে উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা
ছবি: প্রথম আলো

ফরিদপুর সদর উপজেলায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র শেখ নাঈম নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকার বাসিন্দারা। আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টায় উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর উচ্চবিদ্যালয়ের সামনে ফরিদপুর-চরভদ্রাসন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। এ ছাড়া কর্মসূচি থেকে ৯ দফা দাবি উপস্থাপন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

দাবিগুলো হলো সড়ক-মহাসড়কে ট্রলি-ট্রাক্টরসহ অবিলম্বে অবৈধ চলাচল বন্ধ করা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালকের গাড়ি চালানো বন্ধ করা, দিনের বেলা বালু ও মাটি বহনকারী গাড়ি চলাচল বন্ধ করা, রাস্তার ধুলাবালু নিধনে চাতালমালিক ও গাড়ির মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য করা, যত্রতত্র গাড়ি পার্কিং রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের সামনে স্পিডব্রেকার বসানো, ছাত্রছাত্রী, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দেখলে গাড়ির গতি সীমিত রাখা ও প্রয়োজনে থামানো এবং সড়ক-মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নজরদারি বাড়ানো।

মানববন্ধনে বক্তব্য দেন সাদিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাইনুল হাসান, ব্যবসায়ী ওহিদুল বিশ্বাস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, তরুণদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন উৎসর্গ পরিবারের সভাপতি নাজমুল হাসান, নিহত নাঈমের বড় ভাই নাজমুল শেখ প্রমুখ। মানববন্ধনে সাদীপুর উচ্চবিদ্যালয় ও সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের চার শতাধিক মানুষ অংশ নেন।

একই দাবিতে নিজের প্রতিষ্ঠানের সামনে গত রোববার মানববন্ধন করে এ এফ মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেখ নাঈম ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের বাসিন্দা দিনমজুর শেখ সেকেনের ছেলে সে।

অবৈধ টলিবন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবি জানানো হয় মানববন্ধনে। ছবিটি আজ সকালে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা
ছবি: প্রথম আলো

গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর দুপুরে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল নাঈম। পথে দ্রুতগতির একটি মাটি বহনকারী ট্রাক্টর সাইকেলসহ নাঈমকে পিষে দেয়। ঘটনাস্থলেই নিহত হয় নাঈম। এ ঘটনায় নাঈমের বাবা শেখ সেকেন বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। এলাকাবাসী ট্রাক্টরচালক রফিকুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে। গত শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোর চারের পাতায় ‘ট্রাক্টরে শেষ প্রকৌশলী হওয়ার স্বপ্ন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।