‘অবৈধ ট্রাক্টর কীভাবে চলছে, এর কোনো প্রতিকার নেই?’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাক্টরের চাপায় নিহত নাঈমের মা নাজমা বেগমের আহাজারি। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গদাধর এলাকায়
ছবি: প্রথম আলো

ফরিদপুর সদর উপজেলায় মাটি টানা ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হয় স্কুলছাত্র নাঈমের। এরপর থেকে সোচ্চার হয়ে উঠেছেন এলাকার সচেতন মানুষ। তাঁদের প্রশ্ন, ট্রাক্টর, ট্রলির মতো অবৈধ যন্ত্রযান, যেগুলোর চালকের কোনো লাইসেন্স নেই, অথচ প্রতিনিয়ত এসব যানের নিচে পড়ে বিভিন্ন বয়সী মানুষ প্রাণ দিচ্ছেন। এগুলো কীভাবে চলছে? এসবের কি কোনো প্রতিকার নেই?

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল নাঈম। গতকাল বৃহস্পতিবার স্কুল ছুটির পর বেলা সোয়া একটার দিকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। পথে দ্রুতগতির একটি মাটি টানা ট্রাক্টর বাইসাইকেলসহ তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নাঈম সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ সেকেনের (৫৬) ছেলে।

নাঈমের মৃত্যুর পর থেকে এলাকাবাসী সড়কে ট্রাক্টর ও ট্রলির মতো অবৈধ যানবাহন চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমার স্কুলের সামনের রাস্তা দিয়েই প্রতিনিয়ত এসব অবৈধ যানবাহন আসা-যাওয়া করে। ফলে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। আমরাও ঠিকমতো রাস্তায় চলাচল করতে পারি না। বিষয়টি ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালির নজরে আনা হয়েছে।’

আরও পড়ুন

এসব অবৈধ যান বন্ধে পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ফরিদপুরের সংস্কৃতিকর্মী মাহফুজ মিলন। তিনি বলেন, গ্রামের রাস্তার প্রশস্ততা কম। এসব রাস্তা দিয়ে ট্রাক্টর, ট্রলি চলাচল করলে তা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এসব যন্ত্রযানের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে মানুষ প্রাণ হারাচ্ছে, পঙ্গু হচ্ছে। ‌এসব যন্ত্রযানে উপজেলা পর্যালে সড়কগুলোর ক্ষতি হচ্ছে। বালু ও ধুলায় পরিবেশ দূষিত হচ্ছে। এগুলোর চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে কথা হয় ফরিদপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. এমরান খানের সঙ্গে। তিনি বলেন, জেলার আনাচকানাচে চলাচল করা এসব যন্ত্রযান বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ফরিদপুরে এ ধরনের অবৈধ যান কী পরিমাণ আছে, এর কোনো হিসাব নেই তাঁদের কাছে। আশ্বাস দিয়ে মো. এমরান খান বলেন, তিনি এসব অবৈধ যন্ত্রযান গণনা এবং এগুলোর দৌরাত্ম কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেবেন।

ফরিদপুর মোটর শ্রমিক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির বলেন, তাঁদের ধারণা, ফরিদপুর জেলায় ট্রাক্টর, ট্রলির সংখ্যা অন্তত পাঁচ শতাধিক। এ ছাড়া নছিমন, করিমন, ভটভটি, আলম সাধু, মাহেন্দ্র, ইজিবাইক জাতীয় অবৈধ যানবাহন রয়েছে অন্তত ৩০ হাজার।

জুবায়ের জাকির আরও বলেন, ট্রাক্টর ও ট্রলির কারণে গ্রামের রাস্তাগুলো শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে নদী ও ইটভাটার মাটি ও বালু টানার কাজে এসব যন্ত্রযান ব্যবহার করা হয়। এগুলোর দ্বারা সংঘটিত দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। এগুলোর কোনো ফিটনেস নেই। জোড়াতালি দিয়ে বানানো হয়। চালকেরও কোনো প্রশিক্ষণ নেই। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা।

প্রশাসন ও পুলিশ বিভাগের এ ব্যাপারে নজর দেওয়া জরুরি বলে মনে করেন টিআইবির অনুপ্রেরণায় গঠিত ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী। তিনি বলেন, ‘দায় এড়াতে পারে না বিআরটিএ। নির্বিচারে মানুষ মারা যাবে, রাস্তাগুলো ধ্বংস হয়ে যাবে—এ অবস্থা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা মেনে নিতে পারি না। এর জরুরি প্রতিকার প্রয়োজন।

আরও পড়ুন

এ বিষয়ে কথা হয় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের দায় আছে। পাশাপাশি যাঁরা ভাটা ও নদী থেকে বালু কাটার অনুমতি দেন, তাঁরাও দায় এড়াতে পারেন না। জেলায় ১২১টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার মাটি অবৈধ যন্ত্রযান দিয়েই পরিবহন করা হয়। এ জাতীয় বাহনে করেই ইট সরবরাহ করেন ইটভাটার মালিকেরা। পুলিশ প্রতিনিয়ত ট্রাক্টর, ট্রলি ধরছে। মুচলেকা নিচ্ছে। এতে কাজ হচ্ছে না। ভাটামালিকদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে, যাতে তাঁদের মাটি ও ইট ট্রাক্টর ও ট্রলির মতো যানবাহনে পরিবহন না করেন।

মো. আলিমুজ্জামান আরও বলেন, এসব যানবাহন জোড়াতালি দিয়ে তৈরি করা হয়। ফলে এগুলোর কন্ট্রোল ক্যাপাসিটি কম। ফিটনেস নেই। এ জাতীয় যন্ত্রযানের বিরুদ্ধে ভবিষ্যতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে।