অবৈধ দখলদার উচ্ছেদে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় ভূমি কার্যালয় থেকে চার মাস আগে ওই ইউনিয়নের ৪১ জন অবৈধ দখলদারের তালিকা করে ঢাকার জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে।

কাউন্দিয়া ইউনিয়নের অর্পিত, খাসজমিসহ খাল ও জলাশয়-সংক্রান্ত তথ্য জানতে চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে গত বছরের ২৪ মে সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়। নির্দিষ্ট সময়ে চাহিদা অনুযায়ী তথ্য না পেয়ে ওই বছরের ১৮ জুলাই ঢাকার জেলা প্রশাসকের কাছে আপিল করা হয়। আপিল করে তথ্য না পেয়ে ২৯ জুলাই তথ্য কমিশনে অভিযোগ করা হয়। কমিশনে দুই দফা শুনানির পর গত জানুয়ারি মাসে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তথ্য সরবরাহ করা হয়।

সরবরাহ করা তথ্য অনুযায়ী, কাউন্দিয়ার তিনটি মৌজায় প্রায় ছয় বিঘা অর্পিত সম্পত্তি ও ৭৪২ বিঘা খাসজমি আছে। এর মধ্যে ৪১ জনের দখলে আছে প্রায় ছয় বিঘা খাসজমি।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় কাউন্দিয়া ইউনিয়নের বাগিচারটেক ও মোহনপুর গ্রামের সীমানা ঘেঁষে একটি খাল প্রবহমান ছিল। কাউন্দিয়া নামে ওই খালে সারা বছরই নৌযান চলাচল করত। কিন্তু সরেজমিনে ওই খালের কোনো অস্তিস্ত খুঁজে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে বলেন, কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খালটি ভরাট করে বিক্রি করে দিয়েছেন। অনেকে ওই জমি কিনে সেখানে স্থাপনা নির্মাণ করে বসবাস করছেন। সাইফুল ইসলামের কাছ থেকে ভরাট করা খালের দেড় শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন মিন্টু মিয়া। দুই বছরের বেশি সময় ধরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করছেন।

মিন্টু মিয়া বলেন, খাল ভরাটের পর সাইফুল ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকায় তিনি ওই জমি ক্রয় করেছেন। তবে তাঁকে কোনো দলিল বা কাগজপত্র দেওয়া হয়নি।

ভরাট করা খাল দখল করে একতলা পাকা ভবন নির্মাণ করা হয়েছে বাগিচারটেক বহুমুখী সমবায় সমিতির নামে। সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, সমিতির কার্যক্রম চালানোর জন্য সাইফুল ইসলামের কাছ থেকে অনুমতি নিয়েই সরকারি জমির ওপর তাঁরা ভবনটি নির্মাণ করেছেন।

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, প্রথম আলোর আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে ৪১ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকায় মিন্টু ও বাগিচারটেক বহুমুখী সমবায় সমিতির নামও আছে।

কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান বলেন, কাউন্দিয়া ইউনিয়নের সব অর্পিত সম্পত্তি ও খাসজমিসহ খাল এবং জলাশয় প্রভাবশালীদের দখলে আছে। সরকারের পক্ষ থেকে যে তালিকা তৈরি করা হয়েছে, প্রকৃত দখলদারের সংখ্যা আরও বেশি।

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসান বলেন, অবৈধ দখলদারদের তালিকা তৈরির পর তাদের উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নিতে প্রায় চার মাস আগে উচ্ছেদ নথি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা।

জানতে চাইলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ বলেন, ‘কাউন্দিয়ার অবৈধ দখলদারদের উচ্ছেদে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা আমার জানা নেই। বিষয়টি পরবর্তী জেলা সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হবে।’