অবৈধ যান নির্বাচনে ‘বৈধ’
রাস্তায় ছুটছে নিবন্ধন ও ফিটনেসবিহীন ট্রাক্টর-পাগলু। ট্রাফিক পুলিশ সেসব গাড়ি থামিয়ে নিয়ে যাচ্ছেন দিনাজপুর গোড়-এ-শহীদ ময়দানে। সেখানে সারিবদ্ধ করে প্রতিটি গাড়িতে লাগানো হচ্ছে স্টিকার। এরপর চালক ও তাঁর সহকারীর হাতে দেওয়া হচ্ছে দেড় হাজার টাকা ও নির্বাচনী সরঞ্জাম। গাড়ি ছুটছে ভোটকেন্দ্রে।
গতকাল রোববার সকাল থেকে গোড়-এ-শহীদ ময়দানের পশ্চিম পাশে দেড় শতাধিক গাড়ি জড়ো করা হয়। ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহার হয় এসব যান। অন্য সময় এসব যান অবৈধ হলেও নির্বাচনের সময় তা কাজে লাগানো হচ্ছে।
দিনাজপুর সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের ৯৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রে মালামাল পৌঁছানোর কাজে জেলা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তাঁরা নির্বাচন কর্মকর্তাকে গাড়ি ‘রিকুইজিশন’ করে সহযোগিতা করছেন।
অন্য সময় আমরা অবৈধ, শুধু নির্বাচনের কাজে বৈধ। আমরা নিজেরাই একটা সিস্টেমে পড়ে গেছি।হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা ট্রাক্টর মালিক–শ্রমিক কল্যাণ তহবিল
গত শনিবার এসব গাড়ির মালিকের কাছে পাঠানো জেলা নেজারত ডেপুটি কালেক্টর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, ১৯৮৮–এর ৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গাড়িগুলো তিন দিনের জন্য অধিযাচন করা হচ্ছে। নির্ধারিত সময়ে এসব গাড়ি পুলিশের কাছে হস্তান্তর না করলে হুকুমদখল আইনের ৬ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. রিপন বলেন, চিঠি পাওয়ার পরও অনেকেই গাড়ি দেননি। হাতে সময়ও কম। বাধ্য হয়েই রাস্তায় থামিয়ে গাড়িগুলো মাঠে নিয়ে আসা হয়েছে। তাঁরা ১০০ ট্রাক্টর, ৬১টি মাইক্রোবাস ও পাগলু ‘রিকুইজিশন’ করবেন।
দিনাজপুর শহরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ফিটনেস ও নিবন্ধনবিহীন পাগলু-ট্রাক্টর মালামাল পরিবহন করে। জেলা নিরাপদ সড়ক চাই (নিশচা) শাখার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪০১ জনের মৃত্যু হয়েছে।
রোববার গোড়-এ-শহীদ ময়দানে কয়েকজন গাড়িচালকের সঙ্গে আলাপের সময় তাঁরা বলেন, এসব গাড়ি থেকে প্রতিদিন ট্রাক্টর মালিক-শ্রমিক কল্যাণ তহবিলে ২০ টাকা এবং প্রতি মাসে ২০০ টাকা জমা দিতে হয়। সংগঠন থেকে দেওয়া হয়েছে একটি টোকেন। রাস্তায় ট্রাফিক পুলিশ আটকালে টোকেন দেখালেই ছেড়ে দেয়।
জেলা ট্রাক্টর মালিক-শ্রমিক কল্যাণ তহবিল সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘অন্য সময় আমরা অবৈধ, শুধু নির্বাচনের কাজে বৈধ। আমরা নিজেরাই একটা সিস্টেমে পড়ে গেছি।’