বরগুনার খাকদোন নদ
অবৈধ স্থাপনা রেখে খনন, সুফল না পাওয়ার আশঙ্কা
এলাকাবাসী জানান, খাকদোন একসময় প্রায় পৌনে এক কিলোমিটার প্রশস্ত ছিল, তা কমে এখন সিকি কিলোমিটারে পরিণত হবে।
বরগুনার খাকদোন নদের নাব্যতা–সংকট নিরসনে খননকাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে নদতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। ফলে এই খননকাজ কাজে আসবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
শুষ্ক মৌসুমে খাকদোনে নাব্যতা–সংকট দেখা দেয়। ২০১০ সালের পর কয়েকবারই নদীটি খনন করা হয়েছে। এবার নদীর খনন করা মাটি ফেলা হচ্ছে বাওয়ালকার সৃজিত বনের পাশে। অপরিকল্পিতভাবে মাটি ফেলার কারণে বনাঞ্চলও ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয় লোকজন জানান, খাকদোন নদের দুই পাড় অবৈধভাবে দখল করে জমির আয়তন বাড়াতে বাড়াতে প্রায় নদীর মাঝ পর্যন্ত চলে এসেছে। নদের প্রস্থ আগেই কমে যাওয়ায় পানি স্বল্পতায় নাব্যতা–সংকট দেখা দিয়েছে। নদটি বিপন্ন হলে ব্যবসা–বাণিজ্য হুমকির মুখে পড়বে। এই বরগুনা-ঢাকা নৌপথে ছয়টি লঞ্চ চলাচল করে। প্রতিদিন চারটি লঞ্চ ঢাকা-বরগুনায় আসা–যাওয়া করে। এসব লঞ্চ বিভিন্ন সময় খাকদোন নদে আটকে যায়। নাব্যতা–সংকটে বরগুনা নদীবন্দরে লঞ্চ না এসে ঢলুয়া নামের স্থানে নদীর চরে নোঙর করে যাত্রী তোলা হয়।
জেলা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান বলেন, জমির দখলদারদের কারণে খাকদোন এখন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। নদের প্রস্থ কমে গেলে বরগুনায় বিলাসবহুল কোনো লঞ্চ চলাচল করবে না। নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খনন করায় সুফল পাওয়া যাবে না। খাকদোন এ এলাকার প্রাণের নদ। এটি বিপন্ন হলে বরগুনার ব্যবসা–বাণিজ্য শেষ হয়ে যাবে। নদের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদ খনন করলে সুফল আসবে।
এলাকাবাসী জানান, খাকদোন একসময় প্রায় পৌনে এক কিলোমিটার প্রশস্ত ছিল, তা কমে এখন সিকি কিলোমিটারে পরিণত হবে। নৌযান চলাচল স্বাভাবিক রাখতে নদটির নাব্যতা ফেরাতে খনন করা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খননের অল্প সময়ের মধ্যেই পলি জমে নদ আবার ভরাট হয়ে যায়। ভাটার সময় দু–তিন ফুট পানি থাকে নদে। ফলে আটকে যাওয়া নৌযানকে জোয়ারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
খাকদোন নদের সংযোগস্থল পোটকাখালী থেকে বরগুনা পৌর শহরের মাছ বাজার এলাকা পর্যন্ত ১৫০ জন অবৈধ দখলদারের তালিকা করেছে বরগুনা নদীবন্দর কার্যালয়। দুই মাস আগে বরগুনা নদীবন্দর কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবেদন করা হলেও এ বিষয়ে কোনো কার্যক্রম শুরু হয়নি। এর মধ্যেই শুরু হয়েছে নদের খননকাজ। স্থানীয় লোকজন বলছেন, পোটকাখালী থেকে পৌর শহর পর্যন্ত বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে স্থাপনা রয়েছে দুই হাজারের বেশি।
৩০ জানুয়ারি খাকদোন নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিএস ও আরএস অনুযায়ী নদের সীমানা জরিপ করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নদ দখল করে মাটি ভরাট, দখল অপসারণ করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে রুলও জারি করেন আদালতে। চার সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়।
বিআইডব্লিউটিএর বরগুনা নদীবন্দর কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, খাকদোন নদের নাব্যতা ফেরাতে নদীর খনন কাজ শুরু হয়েছে। নদের দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দুই মাস আগে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করা হয়েছে।
যদিও জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আদালতের আদেশ এখনো পাইনি। নদের দুই পাড় অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। শিগগির আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করব।’