অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে ধরা, মুচলেকায় ছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র অবৈধভাবে সংশোধন করতে গিয়ে নুরুল আবছার শাহীন নামের এক ব্যক্তি প্রশাসনের কাছে ধরা পড়েন।

নুরুল আবছার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনির বাসিন্দা। তিনি ফতেয়াবাদ এলাকায় একটি কম্পিউটারের দোকানে চাকরি করেন।

গতকাল বুধবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে স্থানীয় এক জনপ্রতিনিধির হাতে ধরা পড়েন নুরুল আবছার। পরে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে গেলে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী কানু দাশ (৩২) ও মিন্টু দাশ (৩১) নামের দুই ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি ভাটিয়ারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তাঁদের জন্ম নিবন্ধনে বয়স সংশোধনের জন্য ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নেন নুরুল আবছার। তাঁরা ভাটিয়ারি ইউনিয়নের বাসিন্দা হলেও তাঁদের চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড ফতেয়াবাদের বাসিন্দা দেখিয়ে সেখান থেকে জন্ম নিবন্ধন সংশোধন করেন নুরুল আবছার। কিন্তু জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে সীতাকুণ্ডে এসে ধরা পড়েন তাঁরা।

ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের সদস্য সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, কানু ও মিন্টু দুজনের স্থায়ী ও বর্তমান ঠিকানা তাঁর ওয়ার্ডে। নুরুল আবছার অবৈধভাবে তাঁর ইউনিয়নের অনেক বাসিন্দার কাছ থেকে টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দিচ্ছেন। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি কেবল আবেদন করে দিতে পারবেন। সংশোধনের কাজ করবেন সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা প্রশাসনের দপ্তর। এ রকম ৮ থেকে ১০টি সংশোধন করার কথা স্বীকার করে নুরুল আবছার বলেন, তিনি আর এ ধরনের কাজ করবেন না; তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়।
তবে যে দুজনের জন্ম নিবন্ধন সংশোধন করেছেন, তাঁদের একজনের জন্ম নিবন্ধন অনলাইনে দেখা গেলেও অন্যজনের তথ্য পায়নি প্রশাসন। অথচ তাঁকেও জন্মসনদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, নুরুল আবছার কোনো প্রতারক চক্রের সঙ্গে যোগসাজশে অর্থের বিনিময়ে অবৈধভাবে কাজগুলো করছেন। তিনি আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।