অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, বালু ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই বালু ব্যবসায়ীর নাম মো. মিনু সরদার (৪০)। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু খননরত অবস্থায় মিনু সরদারের খননযন্ত্রটি জব্দ করে। গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।

স্থানীয় লোকজন জানান, মিনু সরদার দেবগ্রাম ইউনিয়নের তেনপচা গ্রামের মো. সোহরাব সরদারের ছেলে। মিনু সরদারের স্ত্রী দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য এবং তিনিও স্থানীয় যুবলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ আছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে মিনু সরদার অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন—এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁর খননযন্ত্রটি জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।