অবৈধভাবে বালু উত্তোলন ঝুঁকিতে বসতি, মহাসড়ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদ থেকে অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালু উত্তোলন করায় জনবসতি, আবাদি জমিসহ ঢাকা-বগুড়া মহাসড়কের কিছু অংশ ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী ২০ অক্টোবর জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী শ্মশানঘাট এলাকায় ফুলজোড় নদ থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকার প্রভাবশালী মো. আইয়ুব আলীর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল এই বালু উত্তোলন করছে। এর ফলে নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। মহাসড়কের পূর্বদিকে নদীতীর ভেঙে যাচ্ছে। ঘাটসংলগ্ন পাকা শ্মশানঘাট ও ভুইয়াগাঁতী পূর্ব পাড়ের গ্রামটি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। এলাকার প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কেউ অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না।
অভিযোগকারীদের মধ্যে ভূইয়াগাঁতী গ্রামের রিপন মিয়া ও জাহিদ হোসেন জানান, আইয়ুব আলী সরকারিভাবে যেখান থেকে বালু তোলার ইজারা নিয়েছেন, সেখান থেকে বালু উত্তোলন করছেন না। তিনি নদীর কিনারা ও আবাদি জমিসংলগ্ন নদী থেকে বালু উত্তোলন করছেন। বাধা দিলেও জোর করে বালু তোলা হচ্ছে। প্রথম দিকে একটি খননযন্ত্র থাকলেও বর্তমানে দুটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এ কারণে জেলা প্রশাসনের কাছে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ওই মহাসড়কের ২০ মিটার দূরে নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীরে স্তূপ করা হচ্ছে। প্রতি ট্রাক বালু ছয় শ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ সময় বালু পরিবহন ব্যবসায়ী ভূইয়াগাঁতী গ্রামের আজাহার আলী জানান, গত বছর শ্মশানঘাটের পূর্ব-উত্তর এলাকা থেকে বালু তুলে পাশের আর আর স্পিনিং কারখানার প্রায় ২৬ বিঘা জায়গা ভরাট করা হয়। এ কারণে ইজারাভুক্ত এলাকায় তেমন বালু পাওয়া যাচ্ছে না। তাই ইজারাদার ইজারাভুক্ত জায়গাসহ পাশের জায়গা থেকেও বালু তুলছেন। এতে স্থানীয়দের সঙ্গে তাঁদের ঝগড়া-বিবাদ হচ্ছে।
ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাধন কুমার জানান, সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে ইজারাদারকে বালু তুলতে নিষেধ করা হয়েছে। বালুমহালের নির্দিষ্ট এলাকার বাইরে থেকে বালু উত্তোলনের নিয়ম নেই।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনার রশিদ জানান, ইজারার শর্তের মধ্যে রয়েছে, বালুমহালের এক কিলোমিটারের মধ্যে সড়ক বা মহাসড়ক থাকলে সেখান থেকে বালু উত্তোলন করা যাবে না। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাঁরা কারও কথা আমলে নেন না। এই চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তবে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে কয়েক দিন বালু উত্তোলন বন্ধ থাকে। পরে আবারও তাঁরা বালু তোলা শুরু করেন। এভাবে বালু উত্তোলন করলে ভবিষ্যতে আবাদি জমিসহ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হবে। মহাসড়কটিও ভাঙনের ঝুঁকির মুখে পড়বে।
এ ব্যাপারে মো. আইয়ুব আলী বলেন, ‘নির্দিষ্ট বালুমহাল থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। কোনো অনিয়ম করা হচ্ছে না। অনিয়ম হয়ে থাকলে প্রশাসন থেকেই বালু তোলা বন্ধ করে দেওয়া হতো। মিথ্যা অভিযোগ দেওয়া মানুষের কাছে নিয়মে পরিণত হয়েছে। আমাদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।’
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে লোক পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।