সুনামগঞ্জের বৃহৎ দুটি পাথর কোয়ারির ইজারা দুই বছর ধরে বন্ধ আছে। কিন্তু এসব মহাল থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এতে এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। ক্ষতি হচ্ছে পরিবেশের। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালালেও তাতে কাজ হচ্ছে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের বালুমিশ্রিত এই দুটি পাথর কোয়ারি হলো ধোপাজান ও ফাজিলপুর। এই দুই মহাল ইজারা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। ধোপাজান পাথর কোয়ারিটি পড়েছে জেলার চলতি নদের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায়। ৩৭১ হেক্টর আয়তনের এই কোয়ারির সব৴শেষ ইজারামূল্য ছিল ১ কোটি ১২ লাখ টাকা। ফাজিলপুর কোয়ারির অবস্থান তাহিরপুর উপজেলার যাদুকাটা নদে। ১২১ হেক্টর আয়তনের এই কোয়ারির সর্বশেষ ইজারামূল্য ছিল ৪ কোটি ৪২ লাখ টাকা। পরিবেশের ক্ষতি হচ্ছে কারণ দেখিয়ে মন্ত্রিপরিষদের এক সিদ্ধান্তে এসব মহালের ইজারা গত দুই বছর বন্ধ রয়েছে।
সুনামগঞ্জের ব্যবসায়ীরা সম্প্রতি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক এবং সুনামগঞ্জের বাসিন্দা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার কাইয়ারগাঁও, ডলুরা, মুসলিমপুর, সৈয়দপুর, হুরারকান্দা গ্রামের ২৭ জন যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘বেলার আবেদনের পরিপ্রেক্ষিতে ধোপাজান মহাল থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধে দায়িত্বশীলদের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের আদেশ রয়েছে। কিন্তু সেটির যথাযথ বাস্তবায়ন আমরা দেখছি না। আমাদের পক্ষ থেকে পরে আদালত অবমাননার আবেদনও করা হয়েছে।’
এদিকে ধোপাজান মহালে বালু ও পাথর উত্তোলন বন্ধে ১২ ফেব্রুয়ারি সদর উপজেলার ধোপাজান মহালে অভিযান চালাতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার সম্মুখীন হন প্রশাসনের কর্মকর্তারা। পরে এ ঘটনায় সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. নূর আলী বাদী হয়ে কাইয়ারগাঁও গ্রামের ১২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এতে আসামি হিসেবে কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, তাঁর ভাই স্থানীয় ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম এবং একই ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মালেক মিয়াও আছেন। মকবুল হোসেন অবশ্য অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং সরকারের কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি কিংবা আমার পরিবারের কেউ এসবের সঙ্গে যুক্ত নই।’
সরেজমিনে ধোপাজান নদের কাইয়ারগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে নদের দুই পাড় কেটে বালু ও পাথর উত্তোলন করা হয়েছে। এতে নদে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে অনেকেই বাড়িঘর সরিয়ে নিয়েছেন। ভাঙনে ঘরবাড়ির সঙ্গে নদে বিলীন হয়েছে অনেক গাছপালা।
কাইয়ারগাঁও গ্রামের দক্ষিণ এবং উল্টরপাড়ায়, একইভাবে নদের পশ্চিম পাড়ে বিশ্বম্ভরপুর উপজেলার আদাং ও ডলুরা এলাকা থেকে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে বেশি। এতে নিষিদ্ধ ড্রেজার ও বোমা মেশিন ব্যবহার করা হয়। কাইয়ারগাঁও গ্রামের পাশে বড় বড় গর্ত করে বালু তোলা হয়। এই এলাকার অন্তত ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জানতে চাইলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন,‘অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। তবে যাতায়াত সমস্যার কারণে প্রশাসনের কর্মকর্তাদের এসব স্থানে পৌঁছাতে সময় লাগে। দেখা গেছে, এর আগেই অভিযানের খবর পেয়ে যায় সংশ্লিষ্ট লোকজন।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘এসব মহাল ইজারা দেওয়া হলে সরকার রাজস্ব পাবে। পাশাপাশি আমাদের নজরদারি ও নিয়ন্ত্রণ করায় সুবিধা হবে।’