অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় আটক ৮
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে এক মানব পাচারকারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেল চারটার দিকে তলুইগাছা সীমান্তের নটিরজঙ্গল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের রুবেল মিয়া (২৬), তাঁর স্ত্রী সুমি খাতুন (২০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ভাঙ্গারহাট পাইকেরবাড়ি গ্রামের শফিকুল ইসলাম (২৫), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (২২), একই এলাকার দুলাল দিলীপ বারুই (২৭), তাঁর স্ত্রী সেতু বিশ্বাস (১৯), জয়পুরহাট জেলা সদরের দাদরা কালীবাড়ি গ্রামের বৃষ্টি খাতুন (২২) ও সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা গ্রামের মানব পাচারকারী কবিরুল ইসলাম (২৫)।
বিজিবি জানায়, তলুইগাছা সীমান্তের নটিরজঙ্গল এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে কিছু লোক বাংলাদেশে আসছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মানব পাচারকারী রয়েছেন। এ সময় তিনজন পালিয়ে গেছেন।
গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া দাবি করেন, তাঁরা দীর্ঘদিন আগে ভারতে কাজ করতে গিয়ে আর বাড়িতে ফিরতে পারছিলেন না। বাধ্য হয়ে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফিরছিলেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বলেন, আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক আটজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।