অভাব-অনটনে মুষড়ে পড়েছিলেন তিনি, ঝুলন্ত লাশ পাওয়া গেল ঘরের বারান্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আকবরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অসহায় সন্তানদের নিয়ে বসে আছেন তাঁর স্ত্রী। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

জামালপুর সদর উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পৌর শহরের রামনগর এলাকায় নিজ বাড়ির বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মো. আলী আকবর (৩৭)। তিনি শ্রমিক ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া দুই কক্ষের একটি ঘরে পরিবার নিয়ে থাকতেন তিনি।

আলী আকবরের পরিবারের সদস্যরা বলেন, দারিদ্র্য, মামলাসংক্রান্ত জটিলতা ও সংসারে অভাব-অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। জামালপুর সদর থানার পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত চলছে।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে রিকশা চালালেও গত চার-পাঁচ বছর ধরে আলী আকবর শ্রমিকের কাজ করতেন। স্ত্রী ও ছয় সন্তান নিয়ে তিনি রামনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকতেন। সন্তানরা সবাই বয়সে ছোট। আজ সকালে ঘরের বারান্দায় একটি ধরনার সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে সবাই মিলে লাশ মাটিতে নামান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য দুপুর ১২টার দিকে জামালপুরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আলী আকবরের বাবা বাদল মিয়া প্রথম আলোকে বলেন, ছেলের সংসার অনেক বড় ছিল। ছোট থেকেই শরীরেও শক্তি একটু কম ছিল। ভালো রোজগার হতো না। সংসার চালাতে খুব কষ্ট হতো। কোনো দিন একবেলা আবার কোনো দিন দুইবেলা খেয়ে থাকতে হতো তাঁদের। কোনোভাবেই এই বাজারে সংসার চালাতে পারছিল না। সংসারে তীব্র অভাবের কারণে তাঁর ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
নিহত আলী আকবরের ছেলে মনোহর আলী বলেন, ‘সরকারি ঘরের মধ্যেই সবাই থাকতাম। খাবারের জন্য খুব কষ্ট হতো। বাবা ঠিকমতো খাবার দিতে পারতেন না। কোনোদিন একবেলা, অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে। এসব কারণেই বাবা আত্মহত্যা করেছেন।’

মানবাধিকারকর্মী ও রামনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, ‘পরিবারটি সব সময়ই চরম দারিদ্র্যের মধ্য দিয়ে কাটিয়েছে। অভাব-অনটনের কারণে দুই বছর আগে এ দম্পতি তাঁদের যমজ সন্তান বিক্রি করে দিয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় আমরা তাঁদের ফেরত এনে তাঁদের কোলে দিয়েছিলাম। সেই অভাব কখনো দূর হয়নি। পৌরসভার একটি ওয়ার্ডের মধ্যে এ রকম একটি হতদরিদ্র পরিবার দিনের পর দিন না খেয়ে থাকা একটি আশ্চর্যের ব্যাপার। আমরা দৃশ্যমান উন্নয়ন দেখছি। কিন্তু এই যে এখনো গ্রামগঞ্জে অভাব রয়েছে—তার বড় উদাহরণ আজকে আলী আকবরের আত্মহত্যা। তাঁর একটি মেয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ আছে। একদিকে সংসারে অভাব-অনটন অন্যদিকে মেয়ে নিখোঁজ হওয়ার যন্ত্রণায় হতাশাগ্রস্ত আলী আকবর আত্মহত্যা করতে বাধ্য হন।’

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান প্রথম আলোকে বলেন, ‘ওই পরিবারটি কিছুটা সংকটের মধ্যে ছিল। অনেক বড় একটি পরিবার ছিল। তাঁদের প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরও আমরা দিয়েছি। তাঁদের সব সময় খাদ্য সহযোগিতা দিয়ে আসছিলাম। কিন্তু হঠাৎ করেই তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করে দেয়। এ কারণে তাঁরা আমাদের সংস্পর্শে ছিল না। আজকেই তাঁদের খাদ্য সহযোগিতা করা হবে। নিহতের লাশ দাফনের সব খরচ উপজেলা প্রশাসন দেবে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারে কিছুটা অভাব-অনটন রয়েছে। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।