অভাবে থেমে যাচ্ছে জিপিএ-৫ পাওয়া ইসরাতের পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোছাম্মৎ ইসরাত জাহান
ছবি: সংগৃহীত

মোছাম্মৎ ইসরাত জাহান (১৫) এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল সে। কিন্তু অভাব-অনটনের পরিবারে তার শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামে।

কালাইয়া গ্রামের শ্রমিক মো. লিটন মিয়ার (৪০) মেয়ে ইসরাত জাহান। তিন ভাইবোনের মধ্যে সবার বড় সে। ছোট ভাই মো. হাসান নবম ও ছোট বোন মিনহা আক্তার শিশুশ্রেণিতে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বসতঘরের জমি ছাড়া আর কোনো জমি নেই লিটন মিয়ার। শ্রমিকের কাজ করে পাঁচ সদস্যের সংসার চালান তিনি। ছোটবেলা থেকেই ইসরাত পড়াশোনায় ভালো।

লিটন মিয়া বলেন, ‘যা রোজগার করি, তাতে তিন বেলা খাবার খেতেই কষ্ট হয়। এরপর পড়াশোনা চালানো কষ্ট।’ মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা তাঁর। মা মোছা. নাছিমা বেগম (৩৫) বলেন, ‘মাইয়াডায় পড়তে চায়। কিন্তু আমাগো পড়ানোর মতো সাধ্য নাই।’

ইসরাত জাহান বলে, ‘আমার ইচ্ছা ভালো একটি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। চিকিৎসক হতে চাই, এরপর বিয়ে করব। কিন্তু সংসারে অভাবের কারণে আমার সেই ইচ্ছা হয়তো পূরণ হবে না।’

পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় থেকে ইসরাত জিপিএ-৫ পেয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ইসরাত জাহান খুবই মেধাবী শিক্ষার্থী। ওর নম্বর দেখে আমি অবাক হয়ে গেছি। পারিবারিক তদারকি ছাড়া নিজের মতো পড়াশোনা করে সে পদার্থবিজ্ঞানে ১০০, জীববিজ্ঞানে ১০০, রসায়নে ৯৮, উচ্চতর গণিতসহ সব বিষয়ে ৯০–এর ওপরে নম্বর পেয়েছে।’ তিনি সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইসরাতের মতো মেধাবী শিক্ষার্থী যেন অভাবের কারণে ঝরে না পড়ে।