জঙ্গি নেতা মেজর জিয়া হয়তো অন্য দেশে গা ঢাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: প্রথম আলো

অভিজিৎ রায় হত্যাকাণ্ডে দণ্ডিত জঙ্গি নেতা সৈয়দ জিয়াউল হক হয়তো অন্য দেশে ‘গা ঢাকা’ দিয়েছেন। তাঁকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সৈয়দ জিয়াউল হক মেজর জিয়া নামে পরিচিত। তিনি জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য। বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ হত্যাকাণ্ডে মেজর জিয়াসহ এই জঙ্গিগোষ্ঠীর পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। গত ফেব্রুয়ারিতে এ রায় ঘোষিত হলেও এখনো গ্রেপ্তার হননি মেজর জিয়া ও তাঁর আরেক সহযোগী জঙ্গি নেতা আকরাম হোসেন।

এ দুজনের নাম উল্লেখ করে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে ৫০ লাখ ডলার (৪২ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওই ঘোষণার পর দিন মেজর জিয়াকে নিয়ে এ কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসামিদের মধ্যে যাঁরা উল্লেখযোগ্য তাদের তথ্য জানার জন্য আমেরিকান একটি সংস্থা পুরস্কার ঘোষণা করেছে। সুষ্ঠু তদন্ত হয়েছে। তদন্তে এসেছে, আনসারুল্লাহ বাংলা টিমের একটি দল অংশ নিয়েছে। তখন বাংলাদেশে জঙ্গি উত্থানের মতো হয়েছিল। আমাদের নিরাপত্তা বাহিনীর সার্বক্ষিণক প্রচেষ্টা জঙ্গি ও সন্ত্রাসীদের সব কার্যকলাপ ব্যর্থ করে দিয়েছে। এই রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড হয়েছে এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেখানে মেজর জিয়ার নাম এসেছে। তাঁকে আমরা খুঁজছি। সে অত্যন্ত চতুর লোক। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে।আমাদেরও চেষ্টা অব্যাহত আছে তাঁকে ধরে নিয়ে আসার জন্য এবং আইনে তাঁর যে শাস্তি দেওয়া হয়েছে, সেটি কার্যকর করার জন্য।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, সে বাংলাদেশের বাইরে অন্য যেকোনো দেশে গিয়ে অবস্থান করছে।’

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য সালাম চৌধুরী, ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রমুখ বক্তব্য দেন।

মানিকগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে হরিরামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ১০ ফুট উচ্চতার রণাঙ্গনে যুদ্ধরত মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। হামলায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ গুরুতর আহত হন। এ ঘটনায় নিহত অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ৬ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গি নেতা আকরাম হোসেনসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন।