অভিমত: এটা তো দুর্নীতির মধ্যেই পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাশেম
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনির অগোচরে তাঁর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে কারসাজি করে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার চেষ্টা করেছেন। যখন বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হয়েছিল, তারপর থেকেই জমি কেনা শুরু হয়েছে। তার মানে হলো, এখানে তাঁদের উদ্দেশ্য আছে। ওনাদের এত উচ্চ মূল্যে জমি কেনার কারণে সরকারের ৩৫৯ কোটি টাকা লস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সেলিম খান সম্পর্কে আমরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকেও সংশ্লিষ্টদের কাছে তথ্য দিয়েছিলাম। কিন্তু এর ফলাফল পাইনি। সরকারি বিভিন্ন দপ্তরের লোকজনের ছত্রচ্ছায়াতেই তিনি এগুলো করতে পারছেন।

এই যে ২০ গুণ বেশি দামে ওনারা এটা করলেন, এটা তো দুর্নীতির মধ্যেই পড়ে। এটার প্রশ্রয়ে আরেক জায়গায়, আরেক জেলায় এভাবে দুর্নীতি হবে। এটা যেমন শিক্ষামন্ত্রীর ভাবমূর্তির জন্য ক্ষতিকর, তেমনি জনগণ ও সরকারের জন্যও ক্ষতিকর। এ জন্য শিক্ষামন্ত্রীর উচিত এ বিষয়ে নজর দেওয়া এবং এ দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা।

আরও পড়ুন

বাংলাদেশের অন্যতম বড় বালুখেকো এই সেলিম খান। তাঁর বিরুদ্ধে একটি বালুমহালে দীর্ঘদিন যাবৎ দখলে রাখার বিষয়ে আমরা দুই বছর আগে দুদকে অভিযোগ দিয়েছিলাম। তবে সেটাকে নানা আইনি মারপ্যাঁচে জড়িয়েছেন তিনি। ফলে কিছুই হয়নি তাঁর।

এ বিষয়ে প্রকাশ্যে আলোচনা হচ্ছে না। দেশে আইনের শাসন থাকলে মানুষ কথা বলতেন। কারণ, সঠিক কথা বলার জন্য তো সমর্থন লাগে, সেটা তো নেই। এসব নিয়ে কোনো নাগরিক সঠিক কথাটা বললে পুলিশ কিংবা প্রশাসন তাঁকে সেফ সাইডে রাখবে না।

আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, অনেক সুযোগ-সুবিধা বাড়ছে। তবে আইনের শাসন না থাকলে এসব দুর্নীতির কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে।

পরিচিতি: কাজী হাশেম, সভাপতি, চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি