অভিমান করে পৃথিবী থেকেই বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

খুলনার খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হাসান সোহাগ (২৬) পরিবারের কাছে বায়না ধরেছিলেন নতুন মোটরসাইকেলের। কিন্তু পরিবার থেকে তাঁকে মোটরসাইকেল দেওয়া হয়নি। এই অভিমানে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় ভাড়া বাড়িতে নিজের শোয়ার ঘরের ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

আনোয়ার হোসেনের বাড়ি যশোর জেলায়। তিনি নগরের পথেরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত। আর তাঁর ছেলে নাহিদ স্নাতকোত্তর শেষ করে বাড়িতেই থাকছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নাহিদ হাসান কয়েক মাস ধরে নতুন মোটরসাইকেল চেয়ে আসছিলেন পরিবারের কাছে। নতুন মোটরসাইকেল কেনার জন্য পরিবারের পক্ষ থেকে টাকাও জোগাড় হয়েছিল। তবে নাহিদ হাসান আরও দামি মোটরসাইকেল চাচ্ছিলেন। কিন্তু তা না দেওয়ায় তিনি অভিমান করে আত্মহত্যা করেন।

রেজাউল করিম বলেন, নাহিদ হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।