বরিশাল মহানগর
‘অভিমান করে’ বিএনপির ভেতর ‘আলাদা বিএনপি’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ গত বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে পরবর্তী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির মধ্যে ‘আলাদা বিএনপি’ গঠনের তৎপরতা চালানোর অভিযোগ তুলেছেন মহানগর সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।
তাঁরা মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। অন্যদিকে মনিরুজ্জামানের পক্ষ থেকে বলা হয়েছে, বঞ্চিত কিছু নেতা-কর্মী ‘অভিমান করে’ সভাপতির পাশে থেকে সরে গেছেন।
অভিযোগটি মজিবর রহমান ও জিয়াউদ্দিন সিকদার লিখিতভাবে দলের কেন্দ্রীয় কমিটির কাছে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্বে থাকা সৈয়দ ইমরান সালেহ স্বাক্ষরিত চিঠিতে গত বৃহস্পতিবার তদন্তের এ নির্দেশ দেওয়া হয়। এতে দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে পরবর্তী ৭ দিনের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে।
তদন্তের নির্দেশের বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান অভিযোগ তদন্ত করবেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দুজন সহসাংগঠনিক সম্পাদক তাঁকে সহযোগিতা করবেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার অভিযোগ করেন, এক যুগ ধরে বিএনপি সরকারবিরোধী আন্দোলন করছে। আন্দোলনে করতে গিয়ে অনেক নেতা গুম-খুন এবং হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন। দলের আন্দোলনসহ নিয়মিত কর্মসূচিতে অনুপস্থিত থাকা নেতারা মহানগর বিএনপির মধ্যে ‘আলাদা বিএনপি’ করার অপচেষ্টা করছেন। বিষয়টি লিখিতভাবে কেন্দ্রে জানানো হয়েছে।
মজিবর রহমান সরোয়ার ও তাঁর পক্ষের নেতাদের অভিযোগ, বরিশাল মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বকে পাশ কাটিয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে গত ৩০ মে বরিশাল প্রেসক্লাবে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় দলের মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার উপস্থিত ছিলেন না। সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির আন্দোলন–সংগ্রামে নিষ্ক্রিয় পদ-পদবিধারী কয়েকজন নেতাসহ অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হচ্ছে, ১২ জুন বিকেলে নগরের আমানতগঞ্জ পাওয়ার হাউস জামে মসজিদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করেন মনিরুজ্জামান ফারুক। পরদিন ১৩ জুন ওই চার ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাওয়ার হাউস মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভার দায়িত্ব অস্বীকার করেন।
মনিরুজ্জামান ফারুক এবং তাঁর অনুসারী নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল বলে অভিযোগ করা হয়েছে।
তবে মনিরুজ্জামান ফারুক ও তাঁকে সমর্থনকারী নেতা-কর্মীরা বলছেন, মূলত দীর্ঘদিন ধরে দলীয় নেতৃত্ব কুক্ষিগত করে রাখতে দলের ত্যাগী নেতা-কর্মীদের কৌশলে বিচ্ছিন্ন করে রেখেছেন মজিবর রহমান সরোয়ার ও তাঁর সমর্থকেরা। এখনো দলকে কয়েক ভাগে বিভক্ত করে তাঁরা নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে চাচ্ছেন। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে বরিশালে বিএনপির শক্তিশালী দলীয় অবস্থানকে ক্রমে দুর্বল করা হয়েছে। এমন অবস্থায় দলের ত্যাগী নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।
ফারুকের সমর্থকেরা অভিযোগ করেন, মূলত বিভিন্ন সময়ে মজিবর রহমান সরোয়ার ও তাঁর অনুসারীরা দলের শৃঙ্খলা ভঙ্গ করে ত্যাগী নেতাদের শায়েস্তা করতে ‘অ্যাকশন কমিটি’ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
মনিরুজ্জামান ফারুক বলেছেন, যোগ্য ও নেতা-কর্মীদের কখনো মূল্যায়ন করেননি মজিবর রহমান। এতে ত্যাগী নেতা-কর্মীদের মনে অভিমান জন্মেছে। এসব কারণে অনেক নেতা-কর্মী সভাপতির পাশে থেকে সরে গেছেন। এসব অভিমানী নেতা-কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে একটি সভায় তিনি অংশ নেন। এতে দলের শৃঙ্খলা ভঙ্গের কোনো বিষয় নেই।