চাঁদপুরের মতলব উত্তর
অভিযান সত্ত্বেও মেঘনায় জাটকা নিধন চলছে
অভিযানের খবর আগেভাগেই ফাঁস হওয়ায় পার পেয়ে যাচ্ছেন জেলেরা। সচেতনতার অভাবে জেলেরা জাটকা ধরছেন, ক্রেতারাও কিনছেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনার বিভিন্ন এলাকায় প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের উদ্যোগে জাটকা রক্ষার অভিযান চলছে। এরপরও জাটকাবিরোধী অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় জেলেরা ব্যাপক হারে জাটকা নিধন করছেন। এতে প্রত্যাশা অনুযায়ী ইলিশের উৎপাদন হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, অভিযানের খবর আগেভাগেই ফাঁস হওয়ায় জাটকা ধরেও পার পেয়ে যাচ্ছেন জেলেরা। সচেতনতার অভাবে জেলেরা জাটকা ধরছেন, ক্রেতারাও কিনছেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, ইলিশসম্পদ তথা জাটকা রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় সব প্রকার মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার ওই পরিপত্র জারি করে। মেঘনায় মাছ ধরা ছাড়াও ইলিশ বা জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়।
জাটকা নিধন বন্ধে জেলেদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হতে হবে। সামাজিক-রাজনৈতিক নেতাদের এ বিষয়ে ভূমিকা নিতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে মেঘনার মতলব উত্তর উপজেলার ষাটনল, ছটাকী, এখলাশপুর, শিকিরচর, মোহনপুর ও আমিরাবাদ এলাকা ঘুরে দেখা যায়, সেখানে জেলেরা জাল পেতে জাটকা ধরে দ্রুত ট্রলারে করে পালিয়ে যাচ্ছেন। দু-একটি এলাকায় নদীর মাঝখানে জাল পেতে রেখেছেন। জালের অবস্থান বুঝতে এসব জালের দুই প্রান্ত প্লাস্টিকের বোতল দিয়ে বেঁধে রেখেছেন। দূর থেকে জাল আছে কি নেই বোঝা যায় না। জালের আশপাশে কোনো জেলেও থাকেন না।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার ষাটনল এলাকার একজন জেলে বলেন, ‘হেগো (অভিযানকারী) ফাঁকি দিয়া গভীর রাইতে মেঘনায় জাল ফালাই। জাটকা ধইরা ট্রলারে কইরা পালাইয়া যাই। দিনের বেলায়ও মাঝেমধ্যে জাটকা ধরি। অভিযানকারীরা আওনের আগেই মাছ লইয়া চইলা যাই। গোপনে বিভিন্ন জায়গায় হেগুলা বিক্রি করি। প্রতি কেজি জাটকা ২০০ থেকে ২৫০ টেয়ায় বেচি। ক্রেতারাও জাটকা পাইলে লুইফা নেয়।’
ওই জেলে আরও বলেন, ‘কখন অভিযান অইব সেইডা আগেই জাইনা যাই। এ লিগা জাটকা ধরতে সুবিধা অয়। সরকারের নিষেধাজ্ঞা মানলে সংসারের খরচ দিব কে? হেরা (মৎস্য বিভাগের লোকজন) মাসে ৪০ কেজি কইরা চাউল দেয়। শুধু চাউল দিয়া সংসার চলে না। অন্যান্য খরচও আছে। এ লিগা গোপনে জাটকা ধরি।’
উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক মনিরুজ্জামান বলেন, মেঘনায় যে হারে জাটকা নিধন হচ্ছে, তা বন্ধ হওয়া দরকার। না হলে ভবিষ্যতে ইলিশ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। ইলিশ রক্ষার কর্মসূচিও ব্যাহত হবে। জাটকা রক্ষার অভিযান আরও জোরদার হওয়া দরকার। অভিযানের খবর আগেভাগেই ফাঁস হচ্ছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, তাঁর উপজেলায় ১ মার্চ থেকে গত সোমবার পর্যন্ত আটটি অভিযানে ১৬ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০৭ কেজি জাটকা জব্দ করা হয়েছে। প্রতিদিন দুটি করে অভিযান চালানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার জাটকা রক্ষা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভাপতি গাজী শরিফুল হাসান বলেন, তাঁরা জাটকা রক্ষায় নজরদারি আরও বাড়াবেন। তবে জাটকা নিধন বন্ধে জেলেদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হতে হবে। সামাজিক-রাজনৈতিক নেতাদের এ বিষয়ে ভূমিকা নিতে হবে।