অভিযানের খবরে তালা ঝুলিয়ে দিয়ে লাপাত্তা অবৈধ ক্লিনিকের মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদনহীন ক্লিনিক কর্তৃপক্ষের দেওয়া তালার ওপর নতুন তালা ঝুলিয়ে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার স্বদেশ জেনারেল হাসপাতালে দুই দিন আগেও অস্ত্রোপচারসহ স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলেছে। আজ রোববার বিকেলে প্রশাসনের লোকজন অভিযান চালাতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ পান। ভেতর ও বাইরে সুনসান নীরবতা। খোঁজ করে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফোনও ধরছিলেন না কেউ। শেষে কর্তৃপক্ষের দেওয়া তালার ওপর আরও একটি তালা ঝুলিয়ে ফিরে আসেন তাঁরা।

স্থানীয় লোকজন জানান, এক বছর আগে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। প্রতিদিন অসংখ্য রোগীর আসা–যাওয়া থাকে এই হাসপাতালে। ভর্তি রোগীর সংখ্যাও বেশ। অভিযান হবে, এ তথ্য জানা ছিল কর্তৃপক্ষের। শেষে গতকাল শনিবার তড়িঘড়ি রোগীদের বের করে দেওয়া হয়। পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মরত ব্যক্তিরা চলে যান।

স্বদেশ জেনারেল হাসপাতালের মতো ভৈরবের আরও ছয়টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযানে গিয়ে পাঁচটিই তালাবদ্ধ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ভৈরবে নিবন্ধিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সংখ্যা ২৮। তবে এর বাইরে সাতটির নিবন্ধন নেই। সেগুলো হলো স্বদেশ জেনারেল হাসপাতাল, ভৈরব নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার, আল নূর মেডিকেল সেন্টার, নূর জাহান ডায়াগনস্টিক সেন্টার, মুন্সি মেডিকেল হল, ডাক্তারখানা হাসপাতাল ও হাজী আসমত মেডিকেল সেন্টার। কয়েকটি হাসপাতালে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। কয়েকটিতে যথাযথ নিয়ম না মেনে অস্ত্রোপচারও হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধের সরকারি নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে আজ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন এবং উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ।

স্বদেশ জেনারেল হাসপাতালে অভিযান শেষে যাওয়া হয় পৌর শহরের কমলপুরে অবস্থিত আল নূর হাসপাতালে। সেখানে গিয়েও একই চিত্র দেখা যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, যেকোনো সময় অভিযান হতে পারে, এমন ধারণায় কর্মরত ব্যক্তিরা আজ আর আসেননি। সকাল থেকে রোগীদেরও ভেতরে যেতে দেওয়া হয়নি। পরে তালা ঝুলিয়ে নিরাপদে চলে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভৈরব নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান বাসস্ট্যান্ড এলাকায়। অভিযান পরিচালনাকারীরা সেখানে গিয়েও প্রধান ফটকে তালা দেখতে পান। বেশ কিছুক্ষণ অবস্থান করেও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কারও দেখা পাননি। শেষে আরও একটি তালা ঝুলিয়ে ফিরে আসতে হয়। হাজী আসমত মেডিকেল সেন্টারে গিয়েও তালা ঝুলতে দেখা গেছে।

একই এলাকার নূর জাহান ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গিয়ে খোলা পাওয়া যায়। সেখানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম চেম্বারে বসে চিকিৎসা দিচ্ছিলেন। তিনি দাবি করেন, অনুমোদনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে আছে। শুধু করোনার জন্য চূড়ান্ত অনুমোদনটি সম্পন্ন করা যায়নি। শেষে নূর জাহান ডায়াগনস্টিক সেন্টারেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, অনুকূল যোগাযোগব্যবস্থার কারণে ভৈরবে বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবসা বেশ চাঙা। চাহিদার সুযোগ বুঝে কয়েকজন মিলে মিলে এখন মুদির দোকানের মতোই হাসপাতাল খুলে চিকিৎসা ব্যবসা করছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন বলেন, অনুমোদন নেই, এমন কোনো প্রতিষ্ঠানকে কার্যক্রম চালিয়ে রাখার আর সুযোগ দেওয়া হবে না। তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। অনুমোদন নিয়ে আসতে পারলে তবেই তালা খোলা হবে, এর আগে নয়।