অভিযানের গুজবে দোকানপাট বন্ধ চার ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা

ভ্রাম্যমাণ আদালত আসছে, এমন খবর ছড়িয়ে পড়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাজারের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল প্রায় চার ঘণ্টা। আজ বুধবার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, এ বাজারের সাপ্তাহিক হাটবার হচ্ছে বুধবার। অন্যদিনের তুলনায় হাটের দিনে বিকিকিনি ভালো হয়। আজ সকাল থেকে বাজারের দোকানপাট খোলা ছিল। দুপুর ১২টার দিকে খবর আসে— পাশের লক্ষ্মীকোলা বাজারে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। তখন অনেক ব্যবসায়ী বাজারের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

নাম প্রকাশ না করার শর্তে দুই ব্যবসায়ী বলেন, এমনিতে দুপুরের খাবারের সময় দোকান বন্ধ করতে হয়। ভ্রাম্যমাণ আদালত দোকানে ঢুকলে একটা না একটা খুঁত বের হবেই। তাই বিকেলে একটু দেরিতে তাঁরা দোকান খুলেছেন।

স্থানীয় বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল মান্নান বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে ভ্রাম্যমাণ আদালতকে ভয় পাওয়ার কথা নয়।

ধানগড়া বণিক সমিতির কোষাধ্যক্ষ মোত্তাকিন তালুকদার বলেন, একজন ব্যবসায়ীর কথা শুনে অনেকেই দোকান বন্ধ করেছিলেন। তবে তিনি সারা দিনই দোকানে ছিলেন। সবাই শুধু শুনেছেন, কিন্তু ভ্রাম্যমাণ আদালতের দেখা মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো বিষয় তাঁর জানা নেই।