ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
অভিযানের মধ্যেও শেষ সময়ে জেলেরা নদীতে
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা এবং ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা চলছে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ সোমবার মধ্যরাতে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা এবং ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা চলছে।
গত শনিবার গোয়ালন্দের দেবগ্রামের অন্তারমোড় এলাকায় বেশ কিছু নৌকা নদীর পাড়ে বাঁধা রয়েছে। জেলেরা বসে আছেন। কেউ ছেঁড়া-ফাটা জাল মেরামত করছেন। আবার কেউ জাল থেকে আবর্জনা ছাড়িয়ে নিচ্ছেন। এ সময় নদীতে অর্ধশতাধিক নৌকা নিয়ে মাছ শিকার করতে দেখা যায়।
গতকাল রোববার বিকেলেও উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম অঞ্চলে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলেদের তিনটি নৌকা, ৫ কেজি ইলিশ এবং প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা। জেলেদের পাঁচ দিনের কারাদণ্ড এবং জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিলি করা হয়।
স্থানীয় জেলে হেকমত আলী বলেন, ‘গত বছর এই সময় নদীতে একবার জাল ফেললে ভালোই মাছ পাওয়া যেত। এবার তেমন মাছ নেই। তারপরও এক-দুটি করে ইলিশ পাচ্ছি।’
উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্যমতে, ৪-২৩ অক্টোবর পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৭৭টি অভিযান চালিয়ে ৫৮টি মামলা হয়েছে। ৩২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫২ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ১২ জেলের কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘অভিযান চালিয়ে বিশ্রাম নিতে এলে জেলেরা নদীতে নেমে পড়ছেন। নিষেধাজ্ঞা শেষ হলে একটু বিশ্রাম নিতে পারি। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে নৌ পুলিশ আলাদা অভিযান চালিয়ে কয়েকজনকে আটক ও কিছু মাছ জব্দ করেছিল বলে শুনেছি। তবে এ বিষয়ে আমাদের জানায়নি।’
শনিবার ভোরে তেঁতুলিয়া নদীর তীরে ভোলা সদর উপজেলার বালিয়া-শান্তিরহাট খাল বেয়ে পশ্চিমে ছোট ছোট ডিঙিতে মাছ ধরে ঘাটে ভিড়তে দেখা যায়। দিনে কারেন্ট জাল ভর্তি ডিঙি হোগলার বনে, ঝোপে লুকিয়ে রাখতেও দেখা গেছে।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গত ১৯ দিনে (৪-২২ অক্টোবর) ভোলার সাত উপজেলায় অভিযান হয়েছে ৩৪২টি, বিভিন্ন মেয়াদে জেল হয়েছে ১১৮ জনের, আটক করা জেলেদের ১০ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে। ২ হাজার ৪৩ মেট্রিক টন ইলিশ জব্দ হয়েছে।
চরফ্যাশনের আবদুল্লাপুর ও নুরাবাদের কয়েক জেলে অভিযোগ করেন, মৎস্য বিভাগের মাঝিদের (বোটচালক) সঙ্গে তেঁতুলিয়া নদীর জেলেদের যোগাযোগ আছে। সুবিধা নিয়ে অভিযানে নামার সময় জেলেদের মুঠোফোনে অভিযানের গতিবিধি জানিয়ে দেওয়া হয়। এভাবে ঘোষের হাট, বাংলাবাজার, ভাড়ানির খাল, মেহেন্দিগোহালট, গাছারীর খাল ঘাট এলাকায় তেঁতুলিয়া নদীতে প্রতিদিন অন্তত ৫০টি নৌকা মাছ ধরছে।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, অফিস সহকারী আব্বাস মিঞার বিরুদ্ধে জেলেদের মাছ ধরা বিষয়ে সহায়তা করার অভিযোগ উঠেছিল। এ কারণে তাঁকে চলতি বছরে নদীতে নামানো হয়নি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, যাঁরা মাছ ধরতে নামছেন, তাঁরা ধরা পড়ছেন। মাঝিদের বিরুদ্ধে জেলেদের মাছ ধরায় সহযোগিতার যেসব অভিযোগ উঠেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।