অভিযোগ গঠনের শুনানি ১৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এ দিন ধার্য করেন।
এই মামলার আসামিদের মধ্যে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ নেতা-কর্মী আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। মিছিলটি যাওয়ার পথে বেইলি রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় মির্জা ফখরুলসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলাটি করে।