অভিযোগ শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের প্রাণকেন্দ্রের কোটি টাকা মূল্যের বিরোধপূর্ণ দুই শতক জমি দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে প্রশাসন গত শুক্রবার কাজ বন্ধ করে দিলেও গতকাল শনিবার আবারও চলতে দেখা গেছে।

জানতে চাইলে ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দখলদারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, মামলার নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলা পৌরসভার চরজংলা মৌজার বাংলাস্কুল মোড়ে প্রায় ২৪ শতক জমির মালিক ছিলেন চুনীলাল সেন। তাঁর পরিবার ১৯৬৫ সালে ভারতে চলে যায়। এরপর বন্দোবস্ত সূত্রে ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন স্থানীয় ব্যবসায়ী নাছির আহমেদ। আদালত ১৯৮২ সালের মার্চ মাসে জমিটিকে অর্পিত ও অনাবাসী সম্পত্তি (ভিপি) বলে রায় দেন। বর্তমানে দুই শতক ছাড়া বাকি জমি দুটি পক্ষের ১৩ জন ব্যবসায়ীর দখলে রয়েছে। এক পক্ষের দাবি, তারা জমিটি নিলামে কিনেছে। অন্য পক্ষটি ১৯৮২ সালে আদালতের রায়ের পর জমিটি সরকারের কাছ থেকে ইজারা নেয়। বর্তমানে দুই পক্ষের মধ্যে পুরো জমিটি নিয়ে মামলা চলছে।

ওই দুই শতক জমিতে ২০১৬ সালে একটি ফলের ও দুটি চায়ের অস্থায়ী দোকান বসে। দোকান তিনটি গত শুক্রবার সকালে সরিয়ে দিয়ে লোহা দিয়ে স্থায়ী দোকান নির্মাণ শুরু করেন শ্রমিক লীগের নেতা মো. হানিফ ও তাঁর লোকজন। খবর পেয়ে ভোলা সদর উপজেলা ভূমি অফিস ও ভোলা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলে যায়। কিন্তু গতকাল শনিবারও কাজ চলমান ছিল।

এ প্রসঙ্গে মো. হানিফ বলেন, ‘আমি ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম ভাইয়ের বাড়িতে থাকি। কাউন্সিলর সাহেব আমাকে বাংলাস্কুল মোড়ের ওই জমিতে অস্থায়ী ভিত্তিতে ঘর তুলে ব্যবসা করতে বলেছেন। আদালত যখন রায় দেবেন, তখন আমি সরে যাব।’

শাহে আলম বলেন, বিরোধপূর্ণ ওই জমিটি পড়ে ছিল। সেখানে মানুষ ময়লা ফেলত, প্রস্রাব-পায়খানা করে পরিবেশ নষ্ট করত। এ কারণেই একজন ফলের ও দুজন চায়ের দোকানদারকে অস্থায়ী ভিত্তিতে দোকান করতে বলা হয়েছিল। এখন তাঁরাই একটু ভালো করে দোকান ওঠাচ্ছেন। এখানে তাঁর কোনো স্বার্থ নেই।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পর ওই জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমির মালিকানা দাবিদারদের আদালতের আশ্রয় নিতে বলা হয়েছে।

জমিটির ইজারাদারদের পক্ষ বলছে, জমিটি সরকারের ‘ক’ তালিকাভুক্ত ভিপি সম্পত্তি। মামলার সব রায় সরকারের পক্ষে রয়েছে। কিন্তু ভূমি অফিসের একটি চক্রের কারণে আজ পর্যন্ত জমিটি উদ্ধার করা যায়নি।

ইজারাদারদের একজন জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ৪০ বছর ধরে সরকারের এই জমিটি উদ্ধারের জন্য একের পর এক মামলা চালাচ্ছি। একটি মামলায় রায় হয়, আরেক মামলা হচ্ছে। সব রায়ই সরকারের পক্ষে যাচ্ছে। তারপরও দখলদার পক্ষ সরকারের এই দামি জমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে প্রতারিত করছে। গত শুক্রবার তারই পুনরাবৃত্তি ঘটেছে।’

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন বলেন, ‘আমি ছুটিতে আছি। সরকারি ভিপি জমিতে এবং বিরোধপূর্ণ জমিতে কেউ কোনো স্থাপনা গড়তে পারে না। আমি খবর শুনে লোক পাঠিয়ে কাজ বন্ধ করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি গত ডিসেম্বরের শেষে ভোলায় যোগদান করেছেন। ভূমি অফিসের চক্রের বিষয়ে তাঁর কাছে আজ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তিনি।