অভিযোগ পুলিশের বিরুদ্ধে আসামি অজ্ঞাত সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ, পুলিশ গুলি করেছে। কিন্তু মামলা হলো অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। মামলার বাদী অভিযোগ করেছেন, পুলিশ এজাহার লিখে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে সই নিয়েছে।
যশোরে গুলিতে হাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের। মামলার বাদী হাফিজের বাবা হারুন-অর-রশীদের অভিযোগ, পুলিশ তাঁর ‘ব্রেইন ওয়াশ’ করে ছেড়ে দিয়েছে। এখন তাঁর কিছু বলার নেই।
অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ সত্য নয়। মামলার বাদী প্রকৃত ঘটনা জেনে-বুঝে নিজে এজাহার লিখে মামলা করেছেন।’
নিহত দুই যুবকের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার হাফিজুর রহমান (২৫) ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মিজানুর রহমানকে (২৩) ১৩ নভেম্বর রাতে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শোয়েব উদ্দীনের নেতৃত্বে তিন গাড়ি পুলিশ তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন নার্সারিপট্টি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে তাঁদের পায়ে গুলি করা হয়। গুলিতে আহত দুজনকেই পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাফিজকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাঁর গুলিবিদ্ধ বাঁ পা কেটে ফেলতে হয়। ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাফিজ মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
মামলার বিষয়ে জানতে চাইলে বাদী হারুন-অর-রশীদ প্রথমে পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হননি। পরে গতকাল দুপুরে তিনি দুজন সাংবাদিককে বলেন, ‘আপনারা কি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন?’ তিনি বলেন, ‘আমি তো মামলাই করতে চাইনি। যাদের মামলা করার দরকার, তারাই করেছে। আমি শুধু সই দিয়েছি।’
১৪ নভেম্বর প্রথম আলোয় ‘যশোরে দুই তরুণের পায়ে বন্দুক ঠেকিয়ে পুলিশের গুলি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।