অভিযোগ–আপত্তির মুখে নন্দীগ্রামের রণবাঘা হাটের ইজারা বাতিল
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাটের ইজারা বাতিল করা হয়েছে। অর্ধকোটি টাকা কম মূল্যে ইজারা দেওয়ার মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের মুখে বৃহস্পতিবার হাটের ইজারা বাতিল করা হয়। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত স্বাক্ষরিত ইজারাদারের কাছে পাঠানো এক চিঠিতে ইজারা বাতিলের বিষয়টি উল্লেখ করেন।
জানতে চাইলে শিফা নুসরাত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, রণবাঘা হাট বাংলা ১৪২৮ সনের জন্য ৮৩ লাখ ৪০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৭ জুনের স্মারকমূলে ইজারা অনুমোদন বাতিল করে হাটটি উপজেলা পরিষদের অনুকূলে ন্যস্ত করা হয়েছে।
নন্দীগ্রাম উপজেলার অর্ধকোটি টাকা কম মূল্যে ইজারা দেওয়ার অভিযোগ তুলে গত ২০ মে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের নেতা–কর্মীরা পরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে হাট ইজারা দেওয়ার অভিযোগ তোলেন। হাট বাতিলের দাবি জানাতে কার্যালয়ে দেখা করতে গেলে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ২৬ মে জেলা প্রশাসকের সব ধরনের সভা বর্জনের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলে ধান বেচা–বিক্রির অন্যতম বড় মোকাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাট ও বাজার গত বছর ইজারা দেওয়া হয়েছিল ১ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকায়। এ বছর একই হাট ইজারা দেওয়া হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার টাকায়। ইজারা পায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সাংসদ এবং জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বগুড়া জেলার সভাপতি এ কে এম রেজাউল করিমের প্রতিষ্ঠান মেসার্স রাহী এন্টারপ্রাইজ।
নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ অভিযোগ তোলেন, সরকারি হাটবাজার ইজারা নীতিমালার ২-এর ১০ উপধারা অনুযায়ী উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন হাটবাজার ইজারার ক্ষেত্রে পরিষদের সাধারণ বা বিশেষ সভার কার্যবিবরণীসহ মতামত চেয়ে জেলা প্রশাসকের কাছে পাঠানোর কথা। কিন্তু রণবাঘা হাটের ইজারা প্রদানের ক্ষেত্রে উপজেলা পরিষদের কোনো মতামত নেওয়া হয়নি। এ কে এম রেজাউল করিমকে গত বছরের চেয়ে অর্ধকোটি টাকা কম মূল্যে হাট ইজারা দেওয়া হয়েছে। ইজারাদারের নাম জালিয়াতি করে এ কে এম রেজাউল করিমের বদলে আবদুল করিম উল্লেখ করা হয়েছে। তবে বাবার নাম ঠিক রাখা হয়েছে। রণবাঘা হাটে ধান বেচা–বিক্রির পাশাপাশি গরুর হাটও বসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রণবাঘা হাট ইজারার জন্য দরপত্র ক্রয় ও দাখিলের পাঁচটি আলাদা তারিখ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রথম চার দফায় কেউ ডাকে অংশ নেয়নি। পঞ্চম দফায় একজন ইজারাদার ৮৩ লাখ ৪০ হাজার টাকা ডাক দেন। আর কোনো দরদাতা না পাওয়ায় নীতিমালা অনুসরণ করেই সর্বোচ্চ দরে হাটটি ইজারা দেওয়া হয়।