অভয়নগরে আরও ১৫ জনের করোনা শনাক্ত

যশোরের অভয়নগর উপজেলায় নতুন করে আরও ১৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আলীমুর রাজিব। এ নিয়ে উপজেলায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৪ জুন উপজেলায় ৫৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। আজ সেখান থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। প্রতিবেদনে জানা গেছে, ১৫ জনের নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’।
সূত্র জানায়, উপজেলায় আজ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ৬২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত ৮২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন এবং মারা গেছেন ১ জন। বর্তমানে আক্রান্তের মধ্যে ৮ জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকি ৬৬ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।