ভবদহ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে গতকাল শনিবার যশোরের অভয়নগর উপজেলায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় যশোর-খুলনা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নবগঠিত ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির ডাকে গতকাল অভয়নগর উপজেলা সদরের নওয়াপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় দুই ঘণ্টা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। সকাল ১০টার দিকে নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন শুরু হয়। ‘পানি সরাও, মানুষ বাঁচাও’, ‘ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চাই’, ‘আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে, ‘বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়ন করতে হবে’ এবং ‘ভবদহ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মানুষ মহাসড়কের উভয় পাশে অবস্থান নেয়। একই সঙ্গে পাশে একটি সমাবেশ শুরু হয়। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক ও অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণুপদ দত্তর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আন্দোলন কমিটির নেতা শাহ ফরিদ জাহাঙ্গীর, রবিন অধিকারী, সুশান্ত দাস, হিরামন বিশ্বাস, বিকাশ রায়, নাদির মোল্যা, জাকির হোসেন প্রমুখ।
তাঁরা অবিলম্বে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও ভবদহ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। এর কিছুক্ষণ পর যশোর-খুলনা মহাসড়ক অবরোধ শুরু হয়। এ সময় দুই সহস্রাধিক মানুষ মহাসড়কে অবস্থান নেয়। দুপুর ১২টায় অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে যানজট তৈরি হয়।
তিন উপজেলায় পিইসি পরীক্ষার মডেল টেস্ট স্থগিত: যশোর অফিস জানায়, জলাবদ্ধতার কারণে যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) মডেল টেস্ট স্থগিত করা হয়েছে। তবে আজ রোববার থেকে জেলার অন্য পাঁচটি উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার কারণে কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার ১৪৮টি বিদ্যালয় পানিবন্দী। এ কারণে তিনটি উপজেলার পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পরে সুবিধাজনক সময়ে ওই তিন উপজেলায় মডেল টেস্ট নেওয়া হবে।
শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে ওই তিন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।