বিশ্ব ঐতিহ্য দিবস
অযত্নে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যের নিদর্শন
ইউনেসকো ১৯৮৩ সালে বাগেরহাট শহরকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে তালিকাভুক্ত করে। সংরক্ষণের অভাবে অনেক নিদর্শন হারিয়ে যেতে বসেছে।
প্রাচীন সড়ক বলতেই মাথায় আসে ‘গ্র্যান্ড ট্রাংক রোড’–এর নাম। সাড়ে ৪০০ বছর আগের এই সড়কের কথা অনেকেই জানেন। তবে দেশে আছে এর চেয়েও পুরোনো সড়ক। ওই সড়কের অনেকটা এখনো অক্ষত। ওই সড়ক ব্যবহার করা হচ্ছে। কী, অবিশ্বাস্য মনে হচ্ছে! ৬০০ বছরের পুরোনো এই সড়কের অবস্থান বাগেরহাটে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ঘোষিত ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের অন্যতম নিদর্শন হজরত খানজাহান আলী নির্মিত এই সড়ক। এই সড়ক, চুনখোলা মসজিদ বা খানজাহানের প্রার্থনা হলের মতো ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা স্থাপনাগুলোতে নেই সীমানাপ্রাচীর, নিরাপত্তা বা নিয়মিত পরিচ্ছন্নতার লোক। কেবল ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ছাড়া বাগেরহাটের অন্য সব প্রত্নতাত্ত্বিক স্থাপনার একই অবস্থা। অবহেলায় এরই মধ্যে হারিয়ে যেতে বসেছে বাগেরহাটে অনেক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
বাগেরহাট শহরের আরেকটি অনবদ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন বড় আদিনা মসজিদ। বাগেরহাট শহরের সোনাতলা এলাকার ধ্বংসপ্রাপ্ত এই মসজিদের ঢিবি থেকে চুরি হয়ে গেছে ইট ও পাথর। সেখানে গড়ে উঠেছে বসতবাড়ি।
লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে থাকা মসজিদের শহর বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে তাই এখনই কার্যকর পদক্ষেণ গ্রহণ জরুরি। এমনটাই বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনেকে কেবল ষাটগম্বুজ মসজিদকেই বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে জানেন। প্রকৃতপক্ষে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট হিসেবে ইউনেসকো খানজাহান আমলে নির্মিত মসজিদসহ পুরো শহরকেই ১৯৮৩ সালে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে তালিকাভুক্ত করে।
২০২২ সালের বিশ্ব ঐতিহ্য দিবসের থিম ‘ঐতিহ্য এবং জলবায়ু। তবে দিবসটি উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের শহর বাগেরহাটে এদিন নেই কোনো আয়োজন।
বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার বলেন, ‘আমরা বাগেরহাটবাসী নিজেরাও আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলোকে সেভাবে তুলে ধরতে পারিনি। একই সঙ্গে সরকারি–বেসরকারিভাবেও এই জায়গায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। তবে সবার আগে দরকার আমাদের ঐতিহ্যগুলোকে সঠিকভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা। আমাদের অনেকগুলো ঐতিহাসিক মসজিদ ও স্থাপনা এখন ঝুঁকিতে। মসজিদের পাশের কোনো জায়গা নেই।’
গত ২২ মার্চ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘কিছুতেই এসব ঐতিহাসিক স্থাপনা নষ্ট করতে দেওয়া যাবে না। এ বিষয়ে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে হাইওয়ে অন্যদিক দিয়ে যাবে।’
বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোহাম্মদ জায়েদ বলেন, ‘বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জরিপ হয়েছে। এই জরিপে শতাধিক নতুন স্থান নির্বাচন করেছি। উল্লেখযোগ্য স্থাপনাগুলো সংরক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। সে ক্ষেত্রে ওই জায়গাগুলো অধিগ্রহণের প্রয়োজন হবে। জমি বুঝে পেলে এসব নির্দশন সংরক্ষণ করা হবে।’