অর্থ আত্মসাতের কথা স্বীকার ইউপি সদস্যের, ফেরত দেওয়ার অঙ্গীকার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেকুর রহমান মসজিদে সরকারি অর্থায়নে উন্নয়নকাজ ও সরকারি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। তিনি ওই টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি এই অঙ্গীকার করেন।
উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজাপুর আগলাহাটি গ্রামে সাদেকুর রহমানের বাড়ি। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের দয়ালপুর দক্ষিণপাড়া জামে মসজিদে সরকারি অর্থায়নে মাটি ভরাট করে দেওয়ার কথা বলে সাত–আট মাস আগে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুর রাশিদের কাছ থেকে ১৭ হাজার টাকা নেন সাদেকুর। এ ছাড়া আশ্রয়ণ-২ প্রকল্পের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় ১৪ জনের কাছ থেকে ৮৪ হাজার টাকা উৎকোচ নেন ওই ইউপি সদস্য। এ নিয়ে ভুক্তভোগী লোকজন ইউএনওর কাছে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেন।
ইউএনওর নির্দেশে আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী অভিযুক্ত ইউপি সদস্য সাদেকুর রহমানকে নিয়ে ইউএনওর কার্যালয়ে হাজির হন। একই সময়ে ভুক্তভোগী লোকজনও সেখানে উপস্থিত হন। ইউএনওসহ উপস্থিত লোকজনদের কাছে সাদেকুর টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং ক্ষমা চান। ইউএনও ওই মসজিদের ১৭ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা ১১ জুন এবং ঘর বাবদ ১৪ জনের কাছ থেকে নেওয়া ৮৪ হাজার টাকা ২৫ জুন ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন। টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করে চেয়ারম্যানের জিম্মায় সাদেকুর সেখান থেকে মুক্তি পান।
ইউপি সদস্য সাদেকুর রহমান বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর এমনটি হবে না।’
ইউএনও মুনতাসির হাসান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইউপি সদস্য সাদেকুর রহমান ধার্য টাকা ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।