অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে, ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ৫০ লাখ টাকার অভিযোগ উঠলেও কমিটি প্রতিবেদনে ছয় লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে জানায়।

কমিটির প্রধান হাসপাতালের উপপরিচালক (অর্থ) গত ২৪ আগস্ট হাসপাতালের পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। কমিটি অর্থ আত্মসাতের জন্য বিভাগের রেডিওগ্রাফার মো. তাওহীদুল আলম ও অভ্যর্থনাকারী সৈয়দ মাকসুদ আলম ওরফে শামীমকে অভিযুক্ত করেন। তবে গত এক মা​েসও কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদন অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়নি।

হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, ব্যবস্থা না নেওয়ায় ওই কর্মীরা আরও বেপরোয়া হয়ে
উঠেছেন। তাঁরা বিভাগের চিকিৎসকদের পর্যন্ত পাত্তা দেন না। এঁদের অভিযোগ, সময়ক্ষেপণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের সুযোগ করে দেওয়া হচ্ছে। এর জন্য তাঁরা হাসপাতালের পরিচালকের দিকে আঙুল তুলেছেন।

জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান শহিদুল আলম প্রথম আলোকে বলেন, গত ২৪ আগস্ট প্রতিবেদন দেওয়া হয়েছে। ছয় লাখের কিছু বেশি টাকা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এর বেশি কিছু বলতে অপারগতা জানান তিনি।

হাসপাতালের পরিচালক মু. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি তদন্ত প্রতিবেদন পেয়েছেন। তবে কত টাকার অনিয়ম হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

রেডিওলজি বিভাগের প্রধান এবং মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মাকসুমুল হক প্রথম আলোকে বলেন, প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে দুজনকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে যা পাওয়া গেছে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে এ রকম ঘটনা আরও ঘটতে পারে।

রেডিওলজি বিভাগের চিকিৎসকেরা জানান, প্রতিদিন ওই বিভাগে গড়ে ৩০ থেকে ৩৫ জন রোগীর সিটি স্ক্যান করা হয়। প্রতিটি সিটি স্ক্যানের ক্ষেত্রে রোগীর কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়। তাওহীদুল আলমসহ তিনজন টেকনিশিয়ান অর্থ আদায়সহ সিটি স্ক্যান কাজের সঙ্গে যুক্ত। গত জানুয়ারি থেকে তাঁরা প্রতিদিন সিটি স্ক্যান সংখ্যা কমিয়ে ১০-১৫টি দেখিয়ে আসছেন। রোগীদের স্লিপে দুই হাজার টাকা লিখলেও হাসপাতালের জমা বইয়ের মুড়িতে (কাউন্টার পার্ট) মাত্র ৫০ বা ১০০ টাকা লিখে জমা দিয়ে বাকি টাকা তাঁরা আত্মসাৎ করেন। এ প্রক্রিয়ায় চক্রটি ছয় মাসে ৪০ থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়।