অর্থ আত্মসাতের মামলায় চুয়াডাঙ্গার আদিয়ান মার্টের ৪ কর্মকর্তা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অর্থ আত্মসাতের অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী, মহাব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ব্যবস্থাপক মিনারুল ইসলাম। তাঁরা চুয়াডাঙ্গায় আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকর্ষণ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
আজ শনিবার সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান।
শরিফুল আহসান জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির পণ্য ঘাটতির পরিমাণ সাত থেকে আট কোটি টাকা। কয়েক মাস ধরে আটক ব্যক্তিরা তাঁদের প্রতিষ্ঠানের গ্রাহক সেবাসহ সব কার্যক্রম বন্ধ রাখেন। এতে সারা দেশে অসংখ্য ক্রেতা হয়রানির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে প্রতিষ্ঠানটির এক হাজার আট শতাধিক ইনভয়েস অর্ডার বাকি আছে। গত শুক্রবার প্রতারণার শিকার আতিকুর রহমান নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার পর র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে ওই চারজনকে আটক করে। তাঁদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের পর আতিকুর রহমানের করা অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।