কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২৩ কোটি টাকা লোপাটের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে ২০টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানায় করা হয় পৃথক এসব মামলা।
প্রকল্পের জমিতে চিংড়িঘেরের ক্ষতিপূরণ আদায়ের নাম করে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ওই ব্যক্তিদের বিরুদ্ধে টাকা লুট করার অভিযোগ ওঠে সম্প্রতি। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট করা টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন করেছিলেন এলাকাবাসী। অভিযুক্তদের প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। তবে বিএনপির এক নেতা ও তাঁর স্বজনেরাও রয়েছেন এ তালিকায়।
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম-দখল কর্মকর্তা (এলও) এম এম মাহমুদুর রহমান বাদী হয়ে গত রোববার রাতে (৭ ডিসেম্বর) মামলাগুলো দায়ের করেছেন।
মামলার এজাহার অনুযায়ী মাতারবাড়ী এলাকার রফিকুল ইসলাম দুই কোটি ২৩ লাখ; মো. জমিরউদ্দিন দুই কোটি চার লাখ; মো. সেলিম এক কোটি ৩৪ লাখ; আমিনুল ইসলাম এক কোটি ২৫ লাখ; মহিবুল ইসলাম এক কোটি নয় লাখ; জি এম ছমিউদ্দিন, মো. দানু মিয়া ও আশরাফ আলী প্রত্যেকে এক কোটি ছয় লাখ; মীর কাসেম, রিদুয়ান, আনিছ, এরফান ও মো. সেলিমউদ্দিন প্রত্যেকে এক কোটি ১৭ লাখ; মো. জাহাঙ্গীর আলম ৬৯ লাখ; আহসান উল্লাহ বাচ্চু ৬৮ লাখ; মো. হারুন ৩৭ লাখ; ছকি আলম ৩৪ লাখ; আবুল বাশার ৩০ লাখ; রুহুল আমিন ২৬ লাখ ও নূর মোহাম্মদ ১৪ লাখ টাকা লুট করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মামলাগুলো দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মামলার আসামি জি এম ছমিউদ্দিন বলেন, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিন মাতারবাড়ী পরিদর্শন করে হুকুমদখলীয় জমির ওপর চিংড়িঘেরের ক্ষতিপূরণ তালিকা তৈরি করেছিলেন। এরপর ভূমি হুকুমদখল কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা কাগজপত্র গ্রহণ করে ক্ষতিপূরণের চেক প্রদান করেন। এখন ভুয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে টাকা আত্মসাতের মামলা হলে এর জন্য ওই কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আসামি বলেন, ‘কাগজপত্র বুঝে নিয়ে সাবেক ভূমি হুমুকদখল কর্মকর্তা (এলও) আখতার নূর ২০ ব্যক্তির বিপরীতে প্রায় ২৩ কোটি টাকার চেক বিতরণ করেছিলেন। অথচ তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কী কারণে তিনি জাল দলিল ও ভুয়া কাগজপত্র গ্রহণ করে চেক দিয়েছিলেন, তা-ও জানাতে হবে।’
এই মামলাগুলো ছাড়াও গত ১৯ ও ৩০ নভেম্বর ওই ঘটনায় কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ ৩১ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। মামলার বাদী ছিলেন মাতারবাড়ী ইউনিয়নের সিকদারপাড়ার চিংড়িচাষি এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী। আদালতের বিচারক, জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার মামলা দুটি তদন্তের জন্য দুদকে পাঠিয়েছেন।