অর্থের অভাবে প্রবাসীর লাশ আনতে পারছে না পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজিব চন্দ্র দাস
ছবি: সংগৃহীত

টাকা ধার করে ভাগ্য পরিবর্তনের জন্য গত ডিসেম্বরে সৌদি আরব গিয়েছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সজিব চন্দ্র দাস (২২)। সৌদি আরব গিয়ে সেখানে শ্রমিকের কাজ শুরু করেছিলেন তিনি। তবে গত ১৩ মার্চ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সজিব চন্দ্র মারা গেছেন। কিন্তু টাকার অভাবে এখনো তাঁর লাশ দেশে আনতে পারছে না বলে জানিয়েছে পরিবার।

সজিব চন্দ্রের বাড়ি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে। সজিব চন্দ্রের বাবা যুগল চন্দ্র উপাদী এলাকার শান্তিনগর বাজারে ধোপার কাজ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সজিব চন্দ্র দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। কাজের আশায় গত ডিসেম্বরে তিনি স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরবে যান। সেখানে কয়েক মাস কাজ করার পরই অসুস্থ হয়ে পড়েন।

গত ১৩ মার্চ সেখানকার ভাড়া করা বাসায় সজিবের মৃত্যু হয়। তাঁর এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঋণের বোঝায় সজিবের পরিবার হতাশায় দিন কাটাচ্ছেন।

সজিবের বাবা যুগল চন্দ্র বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তেমন কাজকর্ম করতে পারেন না। একটি লন্ড্রি চালিয়ে সামান্য যা আয় করেন, তা দিয়ে সংসারের খরচ চলে। বেকার ছেলেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে ঋণ করেই ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। কিন্তু ছেলের মৃত্যুতে সব স্বপ্ন তছনছ হয়ে গেছে।

যুগল চন্দ্র কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের এ অকালমৃত্যু মানতে পারতাছি না। কাঁদতে কাঁদতে চোখের পানিও ফুরাইয়া যাইতাছে। ছেলের শোকে তাঁর মা-ও অসুস্থ। লোক মারফত জানতে পারলাম, বিদেশ থেইক্কা ছেলের লাশ আনতে চার-পাঁচ লাখ টেয়া খরচ অইব। এই টেয়া জোগাড় করুম ক্যামনে। ছেলেডা মারা গেল ২৩ দিন অইল। অথচ টেয়ার অভাবে এহনও তাঁর লাশ আনতে পারলাম না। লাশটা পাইলেও কিছুডা সান্ত্বনা পাইতাম। বিদেশ থেইকা ছেলের লাশটারে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চাইতাছি।’

উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ প্রধান বলেন, বিদেশ থেকে ওই তরুণের লাশ আনতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু টাকার অভাবে পরিবারের লোকজন ওই তরুণের লাশ আনতে পারছেন না—এটি দুঃখজনক। এ ব্যাপারে ওই পরিবারকে সহায়তার চেষ্টা করবেন বলে জানান তিনি।