কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও শিলাইদহ ইউনিয়নের কয়েকটি গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর পদ্মা নদীতে এক সপ্তাহে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও অর্ধশতাধিক বাড়িঘর। পানি বাড়ার সঙ্গে আতঙ্ক বাড়ছে নদীর তীরবর্তী মানুষের।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমুল হক প্রথম আলোকে বলেন, পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। পানি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কয়া ইউনিয়নের সুলতানপুর, কালোয়া, বেড়কালোয়া, শ্রীকোল ও চরবানিয়াপাড়া এলাকার কাঁচা-পাকা অর্ধশতাধিক বাড়ি বিলীন হয়ে গেছে। গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। অনেকে বসতঘর সরিয়ে আত্মীয়স্বজনের বাড়ি বা খোলা জায়গায় বসতি স্থাপন করে আশ্রয় নিয়েছে। শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি, কান্দাবাড়ি এবং কসবা এলাকায় ফসলি জমি ও গাছপালা ভেঙে নদীতে চলে গেছে।
বেড়কালোয়া গ্রামের ইউনুস আলী জানান, কয়েক দিনের ভাঙনে একমাত্র আয়ের উৎস দোকানঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। কালোয়া গ্রামের কনা খাতুন বলেন, দিনে দিনে নদীর গ্রাসে চলে যাচ্ছে বসতবাড়ি, গাছপালাসহ ফসলি জমি।
সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শম্পা খাতুন বলে, ‘যে রাস্তাটি দিয়ে স্কুলে যেতাম, সেটার কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এখন ফসলি জমি ও আশপাশের বাড়ির মধ্য দিয়ে স্কুলে যেতে হয়।’ বেড়কালোয়া গ্রামের রোমেলা খাতুন বলেন, ‘কয়েক দিন আগে দুপুরে খাওয়ার পানি আনতে যাওয়ার সময় পাড় ভেঙে নদীতে পড়ে অনেক দূর ভেসে গিয়েছিলাম।’
কুষ্টিয়া-৪ আসনের সাংসদ (কুমারখালী-খোকসা) আবদুর রউফ বলেন, কয়া ইউনিয়নের পাঁচ-ছয়টি গ্রামে ভাঙন-আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার বলেন, পদ্মায় একটি পাকা সড়ক ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।