
রাজধানীর আবাসিক এলাকায় অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে গুলশান, ধানমন্ডি ও উত্তরায় গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে রাজউক।
এই তিন আবাসিক এলাকায় একযোগে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক ভবনের ও এগুলোর ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় থাকা বাণিজ্যিক স্থাপনা এবং ভবনের সামনের ফুটপাত দখল করে তৈরি বাগান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। জরিমানা করা হয় প্রায় সাত লাখ টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ, মো. নাসির উদ্দিন ও খন্দকার জাকিরের নেতৃত্বে এই অভিযানে রাজউকের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত সোমবার থেকে ১৪ দিনব্যাপী এই অভিযান শুরু করেছে রাজউক। উচ্ছেদের তালিকায় রয়েছে বার, গেস্টহাউস, বেসরকারি কমিউনিটি সেন্টার, ফিটনেস সেন্টার, স্পা, বিউটি পারলার, বেসরকারি ক্লিনিক, কলেজ, কোচিং সেন্টার, বুটিকের দোকান এবং ফুটপাত দখল করে তৈরি স্থাপনা। এ ছাড়া ভবনের ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক স্থাপনাও এ তালিকার অন্তর্ভুক্ত। পর্যায়ক্রমে বনানী ও বারিধারায় অভিযান চালানো হবে।
গুলশানের ৩, ৪, ৫ ও ৬ নম্বর সড়কে গতকাল মোট ১৯টি ভবনে অভিযান চালায় রাজউক। এগুলোর অধিকাংশের ফুটপাত ছাড়িয়ে রাস্তায় চলে আসা র্যাম্প ও ভবনের সামনের অংশে ফুটপাতের জায়গা দখল করে তৈরি বাগান উচ্ছেদ করা হয়। ৪ নম্বর সড়কের শেষ মাথায় লেকের পাড়ে একটি আট-দশ বছর বয়সী কদমগাছ উপড়ে ফেলায় স্থানীয় লোকজন ক্ষোভ জানান। একই সড়কের দুটি ভবনের সামনে অন্তত সাতটি মাঝারি আকারের দেবদারু গাছ উপড়ে ফেলা হয়।
এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে একটি ভবনের ফ্ল্যাটের মালিক বলেন, ‘গাছগুলো উপড়ে না ফেলে নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদ করাটাই যথেষ্ট ছিল।’
স্থানীয় লোকদের ভাষ্য, কদমগাছটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লাগানো। সড়কের খান ভিলার সামনের গাছটিও লাগিয়েছে সিটি করপোরেশন।
জানতে চাইলে সেখানে উপস্থিত রাজউকের পরিচালক সওদাগর মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ-বিষয়ক কোনো তথ্য আমার জানা নেই।’
অভিযান চলাকালে একটি ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় থাকা তৈরি পোশাকের একটি দোকান ভেঙে দেওয়া হয়। আরও দুটি ভবনের পার্কিংয়ের জায়গা থেকে দুই দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার মুচলেকা দেন ভবনমালিক। এ ছাড়া ২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে পার্কিংয়ের জায়গায় আসবাবের দোকান স্থাপনের জন্য ভবনমালিককে এক লাখ টাকা জরিমানা করে রাজউক।
গতকাল ধানমন্ডি এলাকার বিপণিবিতানগুলো বন্ধ থাকায় গ্রিন রোড ও সেন্ট্রাল রোডের সংযোগ সড়কে ল্যাবএইড হাসপাতালের পূর্ব পাশ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে থাকা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গাটি স্টোররুম হিসেবে ব্যবহারের জন্য গ্রিন রোডের স্বপ্ন সুপার শপকে পাঁচ লাখ টাকা জরিমানার পাশাপাশি জায়গাটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত ডিসেম্বর মাসেও তাঁদের এ জন্য পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তাঁরা স্টোররুমটি সরিয়ে নেননি।
নাসির উদ্দিন বলেন, একই কারণে রসনাবিলাস নামের একটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং র্যাংগস তাজ টাওয়ারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রিন রোডের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বেসমেন্টও (ভূতল) অন্য কাজে ব্যবহার করা হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সেটা সরিয়ে নেওয়ার জন্য তাদের সাত দিন সময় দেওয়া হয়েছে।
উত্তরার অভিযানে থাকা রাজউকের জোন-২-এর অথরাইজড অফিসার মো. মিজানুর রহমান বলেন, ১ নম্বর সেক্টর থেকে বেলা ১১টায় শুরু হওয়া অভিযানে ১৫টি ভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাপল লিফ হোটেল এবং কুশল সেন্টার ও লতিফ ইম্পেরিয়াল নামের দুটি বিপণিবিতান।