অর্ধাহারে দিন কাটছে তাঁদের

প্রায় ৪০ শতাংশ জমিতে থাকে রবিদাসপল্লির অর্ধশতাধিক পরিবার। করোনাকালে এসব পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়েছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলির দুই পাশে ছোট ছোট ঝুপড়ি। সেখানেই বসবাস ও রান্না। গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে রবিদাস সম্প্রদায়ের বসবাস।
ছবি: প্রথম আলো

ফরিদপুর শহরের হাজি শরীয়তুল্লা বাজারের গলিটি হাতের বাঁয়ে রেখে ডান দিকে কিছুটা এগিয়ে গেলে সরু গলি। এটি চলে গেছে দক্ষিণে কুমার নদের পাড় পর্যন্ত। গলিতে ঢুকলেই চোখে পড়ে কাদায় মাখামাখি অবস্থায় কয়েকটি শিশু খেলা করছে।

ভেতরে ঢুকতেই গলির দুই পাশে ছোট ছোট বেশ কিছু ঝুপড়ি। এখানকার প্রায় ৪০ শতাংশ জমিতে থাকে রবিদাসপল্লির অর্ধশতাধিক পরিবার। এসব পরিবারের পুরুষ সদস্যরা জুতা-স্যান্ডেল পালিশ, রং করা, ছিঁড়ে যাওয়া স্যান্ডেল মেরামত করে জীবিকা নির্বাহ করেন। কেউ কেউ কম দামের জুতা-স্যান্ডেলও তৈরি করেন। নারীরা ঘরকন্নার পাশাপাশি মানুষের বাড়িতে গিয়ে কাজ করেন। করোনাকালে এসব পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়েছেন। অনাহার-অর্ধাহারে তাদের দিন কাটছে।

ফরিদপুরে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি অনুসারে গত ২১ জুন থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়। এরপর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই থেকে এক সপ্তাহ সারা দেশে কঠোর লকডাউন আরোপ করা হয়। পরে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

গত সোমবার দুপুরে রবিদাসপল্লিতে গিয়ে করোনাকালে তাঁদের দুর্বিষহ জীবনের কথা জানা যায়। বয়োবৃদ্ধ সুরেশ রবিদাসকে (৭৮) দেখা যায় বিছানায় শুয়ে আছেন। কেমন আছেন, জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘বড় কষ্টে আছি। এক বেলা খেতে পারি তো দুই বেলা না খেয়ে থাকতে হয়। আমাদের দেখার কেউ নেই।’

সুরেশ রবিদাসের পাঁচ সদস্যের সংসার। তিনি নিজে, স্ত্রী, ছেলে, ছেলের বউ ও নাতনি। ছেলে পঙ্কজ (৩৭) মানিকগঞ্জে জুতা তৈরির কাজ করতেন। মা অসুস্থ শুনে গত ঈদুল ফিতরের আগে চলে এসেছেন। এরপর থেকে তিনি কর্মহীন। সংসারে হাল ধরার আর কোনো লোক নেই।

আরেক নিবাসী সুকুমার রবিদাস (৫৬) বলেন, তিনি শহরের ময়রাপট্টি এলাকায় দোকান করতেন ফুটপাতে ছালা বিছিয়ে। লকডাউন শুরু হওয়ার পর আর কাজ করতে পারছেন না। সংসারে সদস্য পাঁচজন। ধারদেনা করে কোনোমতে খেয়ে, না খেয়ে চলছে।

ওই পল্লির আরেক নিবাসী পার্বতী রবিদাস (৪৬) জানান, তিনি মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি কর্মহীন। এখন অভাবের মধ্যে দিন কাটছে তাঁর।

শেফালী রবিদাস (৩০) বলেন, তাঁর সংসারে সদস্য ছয়জন। এর মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন। এই সময়ে বেঁচে থাকাটাই তাঁদের জন্য কষ্টকর হয়ে উঠেছে।

বিধবা তারা রবিদাস (৫৫) বসবাস করেন ওই পল্লিতে। মানুষের বাড়িতে কাজ করে তিনি সংসার চালাতেন। করোনার কারণে সব কাজ বন্ধ।

ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এই হতদরিদ্র ব্যক্তিদের বসবাস। ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর বিধান কুমার সাহা বলেন, ‘রবিদাসপল্লির নিবাসীদের দুরবস্থার কথা আমার জানা আছে। মাঝেমধ্যে আমি সাহায্য করি। এক সপ্তাহের মধ্যে অসহায় দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করার জন্য কার্যকর পদক্ষেপ নিব।’