অর্ধেক বাসে যাত্রী পরিবহনের নির্দেশনার বাস্তবায়ন নেই বরিশালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ধেক বাস চলার নির্দেশনা থাকলেও তা কার্যকর হচ্ছে না বরিশালে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিধিরও বালাই নেই। আজ দুপুরে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে
ছবি: প্রথম আলো

বিধিনিষেধ শিথিলের পর বরিশালে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। এ ক্ষেত্রে অর্ধেক গণপরিবহনে যাত্রী পরিবহনের জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হলেও বরিশালের কোথাও তা বাস্তবায়িত হতে দেখা যায়নি। যদিও জেলার বাস মালিক সমিতির নেতাদের দাবি, সরকারি নির্দেশনা মেনেই সড়কে অর্ধেক বাস নামানো হয়েছে।

আজ বুধবার নগরের নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, আগের মতোই স্বাভাবিক সংখ্যক বাস চলাচল করছে। বাসগুলো সিরিয়াল অনুসারে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এসব টার্মিনালে বিআরটিএর কোনো তদারকিও চোখে পড়েনি।

বাসের কাউন্টারে দায়িত্বে থাকা একাধিক শ্রমিক বলেন, অর্ধেক গাড়ি চলার কোনো উপায় নেই। সরকার নিয়ম করে দিয়েছে, তাই বলতে হয়। তবে যাত্রী কম।

নথুল্লাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন হাওলাদার পরিবহন, সেভেনস্টার পরিবহন, সুগন্ধা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, অর্ধেক নয়, সব বাসই চলছে। কারণ হিসেবে তাঁরা বলেন, সিরিয়াল ও টাইিমং অনুসারে বিভিন্ন মালিকের গাড়ি চলে। এই সিরিয়াল ভেঙে অর্ধেক গাড়ি চালানোর কোনো উপায় নেই।

নথুল্লাবাদ থেকে জেলা বাস মালিক সমিতির আওতায় ১৯৪টি বাস চলাচল করে। এসব বাস ভুরঘাটা, বানারীপাড়া, স্বরূপকাঠিসহ বিভিন্ন রুটে চলাচল করে। এসব বাসের কাউন্টারে দায়িত্বে থাকা একাধিক শ্রমিক বলেন, অর্ধেক গাড়ি চলার কোনো উপায় নেই। সরকার নিয়ম করে দিয়েছে, তাই বলতে হয়। তবে যাত্রী কম।

নগরের দুই বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, আগের মতোই স্বাভাবিক সংখ্যক বাস চলাচল করছে
ছবি: প্রথম আলো

তবে বিষয়টি অস্বীকার করে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ প্রথম আলোকে বলেন, তাঁদের ১৯৪টি বাসের মধ্যে ১০০টি চলাচল করছে। অর্ধেক বাসেই যাত্রী কম। যাত্রীসংখ্যা এতটাই কম যে তেল খরচই ঠিকমতো উঠছে না।

অন্যদিকে রূপাতলী থেকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আওতায় ১১১টি বাস চলে। এসব বাস বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ভোলা রুটে যাত্রী পরিবহন করে। এই মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ৫৬টি গাড়ি চলাচল করছে। তবে অর্ধেক বাস চলার এ সিদ্ধান্ত করোনার সংক্রমণ প্রতিরোধে কোনো কাজে আসবে বলে মনে হয় না। বরং মানুষের দুর্ভোগ বাড়াবে।’

আগামীকাল বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। সিদ্ধান্ত কার্যকর করতে আরও কঠোর অভিযান চালানো হবে।
মো. আতিকুল আলম, সহকারী পরিচালক, বিআরটিএ (বরিশাল অঞ্চল)

এদিকে দুই বাস টার্মিনালেই যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। তবে বেশির ভাগ চালক, শ্রমিক ও যাত্রীদের মুখেই মাস্ক ছিল না। কারও কারও মুখে মাস্ক থাকলেও তা থুতনিতে নামিয়ে রাখতে দেখা যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো. আতিকুল আলম জানান, মাঠপর্যায়ে তাঁরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন। সকালে বাসস্ট্যান্ড তাঁদের পরিদর্শক দল তদারকি করেছেন। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। সিদ্ধান্ত কার্যকর করতে আরও কঠোর অভিযান চালানো হবে। কেউ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।