অলস সময়ে সবজির চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার শিক্ষার্থী মিহাদ সরকার ও সাদেকুল ইসলাম নিজেদের বাগান থেকে পেঁপে তুলে বিক্রির জন্য প্রস্তুত করছেন
প্রথম আলো

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি। অনেক শিক্ষার্থী ঘরে বসে আছেন। অনেকে অলস সময় কাটাচ্ছেন। তবে মিহাদ সরকার ও সাদেকুল ইসলাম এই সময়ে অলস বসে না থেকে সবজি ও পেঁপের বাগান করেছেন। পরিবারের চাহিদা মিটিয়ে তাঁরা বাড়তি আয় করছেন। তাঁদের সাফল্য দেখে অন্য শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহী হচ্ছেন।
মিহাদ সরকার ও সাদেকুল ইসলামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুর সরকারপাড়া গ্রাম। উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে এ গ্রাম। গত শুক্রবার তাঁদের বাড়ি যাওয়ার পথে জগদীশপুর সরকারপাড়া গ্রামে ঢুকেই দেখা যায় মাঠজুড়ে সবজি ও পেঁপের বাগান। বাড়িতে গিয়ে খোঁজ করতেই একজন জানান, মিহাদ ও সাদেকুল পেঁপেখেতে কাজ করছেন। এই প্রতিবেদককে দেখে জমি থেকে আলে উঠে আসেন তাঁরা। শোনান সবজি ও পেঁপে চাষের গল্প।
মিহাদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব অ্যাগ্রিকালচার এডুকেশনের শিক্ষার্থী। আর সাদেকুল ইসলাম পড়েন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। তাঁরা দুই বন্ধু নিজ বাড়িতে চলে আসেন। ঘরে বসে না থেকে দুই বন্ধু মিলে কিছু একটা করার কথা ভাবেন। তাঁদের মাথায় আসে সবজি ও পেঁপে চাষের কথা। কাস্তে–কোদাল নিয়ে নেমে পড়েন। ৫ এপ্রিল দুই বন্ধু এক একর জমি বর্গা নিয়ে সবজি ও পেঁপের বাগান করেন। দেখতে দেখতে সবজি আর পেঁপের বাগান সবুজে ভরে উঠেছে। গত ছয় মাসে সবজি বিক্রি করে খরচ বাদে ৩৫ হাজার টাকা আয় হয়েছে। পেঁপেও বিক্রি করেছেন ৪০ হাজার টাকার।

মিহাদ বলেন, এক একর জমিতে সবজি ও পেঁপে চাষ করতে খরচ হয়েছে ৭০ হাজার টাকা। এখন পর্যন্ত পেঁপে আর সবজি বিক্রি হয়েছে ৯০ হাজার টাকার। এখনো গাছে যে পরিমাণ পেঁপে আছে, তা বিক্রি হবে দেড় লাখ টাকার মতো।
দুই বন্ধুকে অনুসরণ করে অনেক বেকার যুবক, গরিব ছাত্র, হতাশ কৃষকের চোখে ফুটেছে আশার আলো। গ্রামের ১৫-২০ শিক্ষার্থী সবজি চাষ করছেন। ওই গ্রামের আবু ছায়েম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন। করোনার সময় তিনি ঘরে বসে না থেকে বাড়ির পাশে ২০ শতক জমিতে নেপিয়ার ঘাস চাষ করছেন। ঘাস বিক্রি করে এ পর্যন্ত ৩০ হাজার টাকা আয় করেছেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার শিক্ষার্থী মিহাদ সরকার ও সাদেকুল ইসলাম নিজেদের গড়া বাগান থেকে পেঁপে সংগ্রহ করছেন
প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেনানগর গ্রামের বাসিন্দা ছায়েমের বন্ধু নাজমুল ইসলাম। সবজির পাশাপাশি করছেন মাছের চাষ। এ পর্যন্ত ১৫ হাজার টাকার মাছ ও ২০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে খরচ বাদে লাভ হয়েছে ১৫ হাজার টাকা। ওই লাভের টাকায় তিনটি ছাগল কিনে লালন–পালন করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, ‘মিহাদ সরকার ও সাদেকুল ইসলামের সবজি ও পেঁপে চাষ আমি দেখেছি। ওই এলাকার অনেক শিক্ষার্থী সবজি চাষ করছেন।