অল্পতে সন্তুষ্ট থাকেন
পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, ‘অল্পতে সন্তুষ্ট থাকেন, যা আছে তা নিয়ে সন্তুষ্ট না থাকলে সুশাসন দেখা যাবে না।’ তিনি বলেন, ভালোকে হ্যাঁ বলতে হবে। মন্দ, খারাপ ও অন্যায়কে না বলতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে। দেশের জন্য ভাবতে হবে।
গতকাল শনিবার বিকেলে পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা কথা বলেন জিল্লুর রহমান চৌধুরী। পটিয়া উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় জেলা প্রশাসক বলেন, মানসম্মত শিক্ষা দরকার। মানসম্মত শিক্ষা না পেলে শিক্ষার্থীরা ইয়াবায় আসক্ত হয়ে পড়ে। অস্ত্র নিয়ে রাতে ঘুরে বেড়ায়।
পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সামশুজ্জামান চৌধুরী, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রিচ, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্টেট তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়াম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, পটিয়া সহকারী কমিশনার (ভূমি) মিটন রায় প্রমুখ।
এর আগে সকালে পটিয়ার ধলঘাট গ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের নবনির্মিত ভবন পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
৪ কোটি ৩৪ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ছয়তলাবিশিষ্ট ভবনটির নির্মাণকাজ প্রায় শেষের দিকে।
পরিদর্শনের সময় পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী, ইউএনও আবদুল্লাহ আলম মামুন ও প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।