অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় অল্পের জন্য বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকের ঘটনা এটি।
এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে রেলগেটের কাছাকাছি আসার সময় গেট খোলা পেয়ে প্রায় অর্ধশত যানবাহন রেলগেট চত্বরে ঢুকে পড়ে। ট্রেন আসছে দেখে গেট এলাকায় লোকজন চিৎকার শুরু করেন। এ সময় লাইনের ওপর থাকা একটি ট্রাক লাইন থেকে সরে যাওয়ামাত্র ট্রেনটি ওই স্থান দিয়ে পার হয়ে যায়। এতে করে অল্পের জন্য রক্ষা পায় ট্রেন ও রেলগেট এলাকায় থাকা সাধারণ মানুষ।
ঘটনার সময় রেলগেটের দুই পাশে থাকা দুই গেটম্যানের সন্ধান করেও তাঁদের দেখা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে সান্তাহার স্টেশন থেকে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি স্টেশনের ১ নম্বর রেলগেট এলাকায় প্রবেশের আগে আগে গেট খোলা পেয়ে গেটের ভেতর লাইনের ওপর ঢুকে পড়ে বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলসহ প্রায় অর্ধশত যানবাহন। ট্রেনটি রেলগেটের সন্নিকটে চলে এলে গেটের আশপাশে থাকা লোকজন চিৎকার শুরু করেন। এ সময় লাইনের ওপরে থাকা মালবোঝাই একটি ট্রাক সরে যাওয়ামাত্রই ট্রেনটি রেলক্রসিং দিয়ে পার হয়ে যায়। এ দুই ঘটনার ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ড। ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ও গেটের আশপাশের সাধারণ মানুষ।
ঘটনার সময় রেলগেটের দুই পাশে থাকা দুই গেটম্যানের সন্ধান করেও তাঁদের দেখা পাওয়া যায়নি। রেলগেট এলাকার কয়েকজন দোকানি জানান, বর্তমানে রেলওয়ের পাকশী বিভাগে রেলওয়ের সেবা সপ্তাহ চলছে। রেলগেটের গেটম্যানরা সেখানকার অবৈধ দোকানপাট থেকে চাঁদা তোলার কাজে ব্যস্ত থাকায় তাঁদের ওপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে।
সান্তাহার জংশনের স্টেশনমাস্টারের দায়িত্বে থাকা হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি কেউ তাঁকে জানাননি। এ সময় তিনি জয়পুরহাট স্টেশনের দায়িত্ব পালন করছিলেন। প্রসঙ্গত, হাবিবুর রহমান মূলত জয়পুরহাট স্টেশনের মাস্টার। তাঁকে সান্তাহার জংশন স্টেশনসহ তিলকপুর স্টেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।