অশালীন মন্তব্যের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা আ.লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ। আজ বিকেলে গলাচিপা উপজেলা সদরে
ছবি: সংগৃহীত

দলের নারী নেতা–কর্মীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আগে দলীয় কার্যালয়ে বসে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন মহিলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন। মুহম্মদ সাহিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।

অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন বলেন, ‘আসলে বিষয়টি এখনো আমার জানা নেই। তবে মহিলাবিষয়ক সম্পাদকসহ তাদের পরিবারের লোকজন সব সময়ই আমাকে বিভিন্নভাবে নাজেহাল করতে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।’

‘অশালীন’ মন্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়াসহ মহিলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুর নাহার বেগমের বাসা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চ চত্বরে এসে শেষ হয়। মিছিল থেকে নারীরা ঝাড়ু প্রদর্শন করেন।

উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ানা মার্জিয়া বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন দলের নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন, যা মেনে নেওয়া যায় না। তাঁরা এর বিচার দাবি করছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে প্রথম আলোকে বলেন, আসলে দলীয়ভাবে কোনো ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ধরনের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। বিষয়টি দেখা হচ্ছে।