নওগাঁর বদলগাছি
অসময়ে জাপানি তরমুজ চাষ, দামও ভালো
নওগাঁয় বারোমাসি তরমুজ চাষ এবারই প্রথম। দু-তিন বছর আগে থেকেই চাষ হচ্ছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায়।
তরমুজ মৌসুমি ফল। সাধারণত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত বাজারে পাওয়া যায়। কিন্তু জুলাই, আগস্টেও নওগাঁর বাজারে এই তরমুজের দেখা মিলছে। অসময়ের এই তরমুজ চাষ হচ্ছে জেলার বদলগাছি উপজেলার ভোলার পালশা গ্রামে। বাজারে চাহিদা থাকায় গ্রামের কৃষকদের মধ্যে এই তরমুজ চাষে আগ্রহ তৈরি হয়েছে।
ভোলার পালশা এলাকায় ছোট যমুনা নদীতীরবর্তী ২৫ শতক জমিতে জাপান থেকে আমদানি করা হাইব্রিড জাতের এই তরমুজ চাষ করছেন শামসুল আলম নামের এক কৃষক। বর্ষাকালে এই তরমুজের চাষ সম্পর্কে কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শামসুলের খেতকে প্রদর্শনী খেত হিসেবে নির্ধারণ করেছে।
অসময়ের এই তরমুজ চাষে সফল কৃষক শামসুল আলম জানান, উপজেলার কোলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ হোসেনের পরামর্শে অনেকটা ঝুঁকি নিয়ে জুনের প্রথম সপ্তাহে ২৫ শতক জমিতে তরমুজের বীজ বপন করেন। ২৫ শতক জমিতে প্রায় ১ হাজার তরমুজগাছ রয়েছে। প্রতিটি গাছে দুই থেকে তিনটি করে তরমুজ ধরেছে। প্রতিটি তরমুজের ওজন তিন থেকে চার কেজির ওপরে।
ইতিমধ্যে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে ৫০০ কেজি তরমুজ বিক্রি হয়েছে। আরও প্রায় ১১ হাজার কেজি তরমুজ তাঁর খেতের মাচায় ঝুলছে। বাজারে দাম ঠিক থাকলে পাঁচ লাখ টাকার ওপরে তরমুজ বিক্রির আশা শামসুলের। জমি প্রস্তুত, চারা লাগানো, মাচা তৈরি, পরিচর্যাসহ এখন পর্যন্ত তাঁর খরচ হয়েছে আনুমানিক ৬০ হাজার টাকা। ফল আসার পর গ্রামের অনেকেই তরমুজ চাষ সম্পর্কে জানতে আসছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, নওগাঁয় বারোমাসি তরমুজ চাষ এবারই প্রথম। তবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশের অনেক জেলায় দু-তিন বছর ধরে হাইব্রিড প্রজাতির বারোমাসি তরমুজ চাষ হচ্ছে। হাইব্রিড জাতের তরমুজ বছরের যেকোনো সময় বপন করা যায়। ৪০ থেকে ৫০ দিনের মাথায় ফুল আসে। পরিপুষ্ট ফল হতে সময় লাগে আরও ২০ থেকে ৩০ দিন।