অসময়ের ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পঞ্চগড়ের জনজীবন
সকাল থেকে দেখা নেই সূর্যের। মেঘলা আকাশে গুমোট ভাব। রাতভর বৃষ্টি হওয়ায় সকালে অনুভূত হচ্ছিল তীব্র শীত। সকালে বিরতি দিয়ে আজ শনিবার বেলা ১১টার দিকে আবার শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি পড়ছিল দুপুর পর্যন্ত। অসময়ের বৃষ্টির ফলে তীব্র শীতে ভোগান্তিতে পড়েন দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ।
আজ সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল শুক্রবার ভোর থেকে আজ দুপুর পর্যন্ত তেঁতুলিয়ায় মোট ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর মধ্যে গতকাল ভোর থেকে আজ ভোর পর্যন্ত ১৬ মিলিমিটার এবং আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ ছাড়া আজ দুপুর ১২টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই উত্তরের আকাশে মেঘ জমতে শুরু করে। এতে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। গতকাল সকাল ছয়টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বাড়তে থাকে শীতের তীব্রতা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গতকালও দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে বেড়ে যায় ঝোড়ো বাতাসের পরিমাণ। দিনভর থেমে থেমে চলে বৃষ্টি। বিকেলে বাতাস ও বৃষ্টির পরিমাণ কমে গেলেও সন্ধ্যার পর আবার শুরু হয় বৃষ্টি। থেমে থেমে এই বৃষ্টিপাত চলে আজ ভোর পর্যন্ত।
আজ দুপুর ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলার উত্তর গোফাপাড়া এলাকার মাটিকাটাশ্রমিক মোহাম্মদ মঙ্গলু বলেন, ‘কালকে সারা দিন বৃষ্টির জন্য কাজ করতে পারিনি। রাতে বৃষ্টিতে ঠান্ডায় ঘরেও থাকা যায় না। সকালে বৃষ্টি নাই দেখে মাটিকাটার কাজে বের হয়েছি। এখন আবার বৃষ্টি শুরু হওয়ায় বাড়ি ফিরে যাচ্ছি। এভাবে প্রতিদিন বৃষ্টি হলে তো আমাদের সংসার চালানোই কঠিন হয়ে যাবে।’
দুপুরে জেলা শহরের রিকশাচালক নজরুল ইসলাম বলেন, ‘সকালে আকাশ ভালো দেখে বের হয়েছি। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে ভিজে গেলাম। এমন ঠান্ডায় রিকশা চালানো যায় না। বৃষ্টি পড়তে থাকলে শহরে লোকজন কমে যাবে। আমাদের আয় হবে না।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চলে এখন শৈত্যপ্রবাহ নেই। তবে এই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। গতকালের চেয়ে আজ বাতাসের পরিমাণও কমেছে। তেঁতুলিয়ার পুরো আকাশ মেঘে ঢাকা থাকায় আজ দুপুর পর্যন্ত সূর্য দেখা যায়নি। তবে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় গতকালের চেয়ে আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এখন থেকে ধীরে ধীরে এই এলাকার আবহাওয়া পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে তিনি জানান।