কৃষিতে উদ্যোগ
অসময়ের তরমুজে সমৃদ্ধি
নিচু, পতিত জমিকে বহুমুখী ব্যবহারের জন্য এই প্রযুক্তি দক্ষিণাঞ্চলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
জালের ফাঁক গলিয়ে ঝুলছে তরমুজ। তা–ও আবার অসময়ে। স্বাভাবিকভাবে মৌসুমে দেশে যে তরমুজ উৎপাদিত হয়, তার ভেতরে লাল, কিন্তু এই তরমুজের ভেতরটা হলুদ। মিষ্টতায় মৌসুমি তরমুজের চেয়ে বেশি। বরগুনা সদর উপজেলার কালীতবক গ্রামের আবদুল মান্নান নামের এক কৃষক এমন তরমুজের আবাদ করেছেন।
কৃষি প্রযুক্তির ভাষায় এই পদ্ধতির নাম সর্জান পদ্ধতি। কাঁদি কেটে তাতে মাছ চাষ এবং ওপরে লতাজাতীয় সবজি ও ফল আবাদের জন্য এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকেরা। নিচু, পতিত জমিকে বহুমুখী ব্যবহারের জন্য এই প্রযুক্তি দক্ষিণাঞ্চলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
আবদুল মান্নান বলেন, এই উদ্যোগের মূলে আছেন তাঁর দুই ছেলে আবদুল আলীম ও ছোট ছেলে বনি আমিন। মৌসুমে এ এলাকায় প্রচুর তরমুজ উৎপাদিত হয়। সেই থেকে বনি আমিনের মাথায় আসে, মৌসুমে তরমুজের বেশি উৎপাদন হওয়ায় তেমন মূল্য পান না কৃষকেরা। যদি মৌসুম ছাড়া তরমুজ উৎপাদন করা যেত, তাহলে অনেক লাভবান হওয়া যেত। এই চিন্তা থেকে বনি আমিন ইউটিউবে এ সম্পর্কে খোঁজ নিতে থাকেন এবং পেয়েও যান। এরপর তাঁর ও আবদুল আলীমের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন বনি আমিন।
এবারই প্রথম পরীক্ষামূলকভাবে ৮০ শতক জমিতে তরমুজ আবাদ করেন। গত এপ্রিলে বাড়ির সামনের মাছের খামারে ৫০০ চারা রোপণ করেন আলীম ও তাঁর পরিবার। এলাকার লোকজন এসব দেখে প্রথমে হাসিঠাট্টা করেন। কিন্তু তাঁরা এতে পিছপা হন না। তাঁদের যত্নে চারাগুলো বেড়ে ওঠে। এরপর পুকুরে খুঁটি পুঁতে জাল দিয়ে লতাগুলো জালের ওপর তুলে দিলে সেগুলো তরতর করে বেড়ে উঠতে থাকে। এরপর আসে ফুল। আলীমের মনে তখন আর আনন্দ ধরে না। ফুল থেকে আসে ফল। কচি সবুজ–কালো ফলগুলো যখন আসে, তখন শুরুতে যাঁরা আলীমের এই কাজকে পাগলামি আখ্যা দিয়ে হাসিঠাট্টা করছিলেন, তাঁরাও প্রতিদিন অসময়ে তরমুজ ফলার বিস্ময়ের ঘোরে ছিলেন। এবার আলীম ৫০০ গাছে দেড় হাজার তরমুজ পেয়েছেন। একেকটির ওজন চার থেকে সাত কেজি।
গতকাল বুধবার সকালে আলীম প্রথম আলোকে বলছিলেন, ‘অসময়ে তরমুজ আবাদ করা যায়, এমন কথা ছোট ভাইয়ের কাছে শুনে আমি আর বসে থাকিনি। সেই কাজে নেমে পড়ি। কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সঙ্গে পরামর্শ করি। কাজটা যখন প্রথম শুরু করি, তখন অনেকে হাসিঠাট্টা করেছে। ফলে এটা আমার মনে একধরনের জেদ ধরে। সেই জেদ ধরার কারণেই বাবা-মা, দুই ভাইয়ের পরম যত্নে আমাদের সফলতা আসে।’
দেড় হাজার তরমুজ উৎপাদন হয়েছে এবার। ওজনে চার থেকে সাত কেজি। আবাদ করতে শ্রম ছাড়া ব্যয় হয়েছে ৩০ হাজার টাকা। দেড় হাজার তরমুজ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করছেন বাড়ি থেকেই।
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এই পদ্ধতি ছড়িয়ে দেওয়া গেলে একদিকে যেমন তরমুজ সারা বছর পাওয়া যাবে, অন্যদিকে চাষিরা লাভবান হবেন।
বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে ২০১৭ সালে প্রথম ভাসমান সবজি ও ফল আবাদ প্রকল্পের অধীনে প্রথম পরীক্ষামূলক ‘বেবি ওয়াটার মেলন’ বা ছোট তরমুজের আবাদ শুরু হয়। সেটা ছিল আকারে ছোট, দু–এক কেজি ওজনের এবং হাইব্রিড প্রজাতির। এরপর এই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে গত বছর দুটি দেশী জাত— বারি তরমুজ-১ ও ২ উদ্ভাবন করেন। সেটি লেবুখালী আঞ্চলিক উদ্যান তত্ত্বকেন্দ্রে আবাদ করে ভালো ফলাফল পাওয়া গেছে। এটা এখন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।