অসহায় নারীকে মায়ের মমতায় আগলে রেখেছেন রবিউল
রবিউল ইসলামের কাছে কে কোন সম্প্রদায়ের মানুষ, তা মুখ্য নয়। তাঁর কাছে মানুষই বড় পরিচয়। সনাতন ধর্মাবলম্বী অপরিচিত এক অসহায় বৃদ্ধাকে তিনি মায়ের মমতায় আশ্রয় দিয়েছেন। নিজের কাছে রেখে সেবা-শুশ্রূষা করছেন। এক–দুই দিন নয়, টানা আট মাস ধরে সাবিত্রী কর্মকার (৯০) নামের ওই নারীকে নিজের বাসায় রেখে সেবা করছেন তিনি। মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দুই মাস হাসপাতালে রেখে চিকিৎসা করান। এর ফাঁকে সন্ধান করেছেন সাবিত্রীর স্বজনদেরও।
বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাসটারবাইন এলাকার বাসিন্দা রবিউল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। এখনো বিয়ে করেননি। ছোটখাটো ঠিকাদারি করে মোটামুটি চলে তাঁর। বাড়ির ছোট টিনের ঘরে এনে আশ্রয় দিয়েছেন সাবিত্রীকে।
সাবিত্রী কর্মকার একজন মানুষ। আমি চাইলে তাঁকে রাস্তায় ফেলে রাখতে পারতাম। কিন্তু সেটি করলে মানুষ হয়ে জন্মানোটা বৃথা হয়ে যেত। মন সায় দেয়নি, তাই তাঁকে নিজের বাড়িতে এনে রেখেছি। তিনি যত দিন বেঁচে থাকবেন, তাঁর দেখভালের দায়িত্ব আমি মন থেকেই করব। কেউ চাইলে তাঁকে সহায়তাও করতে পারেন।
রবিউল জানান, প্রায় আট মাস আগে এক ব্যক্তি সাবিত্রী কর্মকারকে বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাসটারবাইন এলাকার পাটনি বাড়ি রোডে রেখে উধাও হয়ে যান। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে দুই মাস চিকিৎসা শেষে স্বজনদের কোনো খোঁজ না পেয়ে তাঁর বাসায় নিয়ে আসেন সাবিত্রীকে। তাঁর সেবা-শুশ্রূষার জন্য মাসিক চুক্তিতে নিয়োগ দিয়েছেন আরেক নারীকে। তিনি এসে সাবিত্রীর কাপড়চোপড় পরিষ্কার ও খাবার খাইয়ে দিয়ে যান।
রবিউল প্রথম আলোকে বলেন, ‘সাবিত্রী কর্মকার একজন মানুষ। আমি চাইলে তাঁকে রাস্তায় ফেলে রাখতে পারতাম। কিন্তু সেটি করলে মানুষ হয়ে জন্মানোটা বৃথা হয়ে যেত। মন সায় দেয়নি, তাই তাঁকে নিজের বাড়িতে এনে রেখেছি। তিনি যত দিন বেঁচে থাকবেন, তাঁর দেখভালের দায়িত্ব আমি মন থেকেই করব। কেউ চাইলে তাঁকে সহায়তাও করতে পারেন।’
সনাতন সম্প্রদায়ের নারীকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে অনেকের সমালোচনার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এলাকার অনেকেই আছেন, যাঁরা অসহায় সাবিত্রী কর্মকারকে অন্য চোখে দেখেন। তাঁর মলমূত্রযুক্ত কাপড় ধুতে গেলে কথা শোনান। অনেকে আমাকে প্রশ্ন করেন, কেন এই অসহায় নারীকে আশ্রয় দিয়েছি। আমি মনে করি, মানুষ তাঁর বোধের জায়গায় নেই। তাই এমন অবান্তর ও অমানবিক প্রশ্ন করেন।’
জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সাবিত্রীর জন্ম ১৯৩৫ সালের ১ জানুয়ারি। তাঁর বাবা ভদ্রকান্ত কর্মকার আর মা সুকুদা কর্মকার। বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার ৭৭৫ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা তিনি। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ঠিকানায় খোঁজ নিয়ে রবিউল জেনেছেন, অনেক বছর আগে সাবিত্রী ওই এলাকার ভাড়া বাড়িতে বসবাস করতেন। সেখানকার বর্তমান বাসিন্দারা তাঁকে চেনেন না।
সাবিত্রী কর্মকার জানান, তাঁর বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। তবে উপজেলার ঠিক কোন জায়গায় তাঁর বাড়ি ছিল, তা তিনি বলতে পারেননি। স্বজন, ছেলেমেয়ে আছে কি না, জানতে চাইলে তিনি নির্বাক থাকেন। শুধু বলেন, ‘ভাসতে ভাসতে এখানে। কীভাবে এলাম, তা–ও জানি না। আট মাসের বেশি সময় এখানে আছি। রবিউল আমার সব দেখভাল করছে।’
পক্ষাঘাতে আক্রান্ত সাবিত্রী ঠিকমতো উঠতে–বসতে পারেন না। শরীরের বাঁ পাশ অবশ হয়ে আছে। নড়াচড়া করতে পারেন না। সাবিত্রীর এমন অবস্থার খবর পেয়ে তাঁর খোঁজে আজ শুক্রবার দুপুরে রবিউলের বাসায় যায় জেলা প্রশাসন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে নিযুক্ত সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ রবিউলের বাসায় গিয়ে সাবিত্রীর খোঁজখবর নেন।
রবিউল একজন অসহায় নারীকে আশ্রয় দিয়ে মানুষের মহানুভবতার এক অনন্য নজির স্থাপন করেছেন। তাঁকে দেখভালের দায়িত্ব নিয়ে মানবিক কাজ করেছেন তিনি। সেই সঙ্গে আমাদেরও মানবিক কাজ করার সুযোগ করে দিলেন।সাজ্জাদ পারভেজ, প্রবেশন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর
সাজ্জাদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘রবিউল একজন অসহায় নারীকে আশ্রয় দিয়ে মানুষের মহানুভবতার এক অনন্য নজির স্থাপন করেছেন। অসহায় এই নারীর আর্থিক সহায়তার জন্য রবিউল আমার কার্যালয়ে গিয়েছিলেন। আমি জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলাপ করায় তিনি খোঁজ নিতে বলেন। আজ সেখানে গিয়ে দেখলাম, সত্যিকার অর্থেই অসহায় সাবিত্রী কর্মকার। তাঁকে দেখভালের দায়িত্ব নিয়ে মানবিক কাজ করেছেন রবিউল। সেই সঙ্গে আমাদেরও মানবিক কাজ করার সুযোগ করে দিলেন।’ তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সাবিত্রীর চিকিৎসার জন্য আপাতত ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন তাঁর পাশে থাকবে।