অসহায় বিন্দুর ঘরে ঝরে শিশিরবিন্দু
ছাপরার টিন মরিচা ধরে ফুটো হয়ে গেছে। শীতের রাতে ঘন কুয়াশা শিশিরবিন্দুর মতো ঝরে পড়ে বিছানায়। বর্ষাকালে বৃষ্টির পানি পড়ায় ঘরে থাকতে না পেরে আশ্রয় নিতে হয় অন্যের ঘরে। স্বামী-সন্তানহারা বিন্দু বেগমের (৫৮) ঘর সব ঋতুতেই থাকে একই রকম।
বিন্দুর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে। বলেন, অল্প বয়সেই তাঁর পরিবার বিয়ে দেয় কালিহাতী উপজেলার এলেঙ্গা-চীনামোড়া গ্রামের আফাজ মোল্লার সঙ্গে। ১৮ বছরের দাম্পত্য জীবনে বিন্দুর সংসারে আসে ছেলেসন্তান। এক বছর বয়সেই ছেলেটি মারা যায়। এর কয়েক দিন পর স্বামীকেও হারান বিন্দু।
স্বামী-সন্তান হারিয়ে বিন্দুর ঠাঁই হয় বাপের বাড়ি সখীপুরে। তত দিনে বাবার মৃত্যু হয়েছে। বড় ভাই ইমান আলীর কাঁধেই পড়ে বিন্দুর ভরণপোষণের দায়িত্ব। অল্প কিছুদিন পর সেই ভাইও মারা যান। টিকে থাকতে ঝিয়ের কাজ শুরু করেন বিন্দু।
বছর দশেক আগে একটি ছাপরা তোলেন বিন্দু। ওই ছাপরার টিন মরিচা ধরে ফুটো হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ দেখতে বিন্দুকে ঘরের বাইরে যেতে হয় না। শীত মৌসুমে টিনের চালের ফুটো দিয়ে শিশিরবিন্দু ঝরে। বর্ষায় বৃষ্টির পানি পড়লে আশ্রয় নেন ভাতিজার ঘরে।
বিন্দু বেগম বলেন, তিনি পাকা ঘর চান না। ভাতিজাদের সান্নিধ্যেই বাকি জীবন কাটাতে চান। তবে নির্বাচন এলে অনেকে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন সাময়িক খুশি লাগলেও পরে হতাশ হতে হয়।
বিন্দুর ভাতিজা ফরিদ আলী পেশায় ভ্যানচালক। তিনি বলেন, তাঁদের অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরায়। ফুফুর জন্য সরকারের সহযোগিতা চান।
যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের ভাই এ কে এম আতিকুর রহমান বলেন, ওই নারী যে এত অসহায়, সে বিষয়ে তাঁর জানা ছিল না। পরিষদ থেকে যতটুকু সম্ভব তাঁকে সহযোগিতা করা হবে। আর সরকারের তহবিল থেকে বিন্দু বেগমকে ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী।