অসাম্প্রদায়িক দেশ গড়তে বিশ্ববিদ্যালয়ছাত্রের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ সাইফুল ইসলাম নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের। চৌরঙ্গীমোড়, পঞ্চগড় শহর, ২১ অক্টোবর দুপুর
ছবি: প্রথম আলো

বৃহস্পতিবার বেলা সোয়া একটা। হাতে হ্যান্ড মাইক, মাথায় ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’ লেখা–সংবলিত ক্যাপ। আর বুকে-পিঠে ঝোলানো প্ল্যাকার্ড। আর এভাবেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য প্রচারণা চালাচ্ছেন এক তরুণ। পথে চলতে থাকা লোকজন থেমে থেমে তাঁর এসব কথা শুনছেন।  

এভাবেই বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বানে একক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাইফুল ইসলাম নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্র। এ সময় তিনি সেখানে পুলিশি বাধার সম্মুখীন হন বলে দাবি করেন। পরে তিনি পঞ্চগড় প্রেসক্লাবের সামনে শহরের পঞ্চগড়-টুনিরহাট সড়কে দাঁড়িয়ে এই প্রচারণা চালান।
সাইফুল ইসলাম দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী। তিনি পঞ্চগড় সদর উপজেলার আমলাহার এলাকার আবদুল মজিদের ছেলে।

সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল, বাড়িঘর ও মন্দিরের ওপর যে নারকীয় হামলা হয়েছে, তার জন্য আমি একজন মুসলিম হয়ে দুঃখ প্রকাশ করছি ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই উল্লেখ করে এই বিশ্ববিদ্যালয়ছাত্র বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বাসবাস করছেন। এ দেশে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের শত্রু হতে পারে না।

তিনি বলেন, ‘আমি মুসলিম ভাই–বোনদের বলতে চাই, দয়া করে কেউ হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধর্মীয় শত্রু ভাববেন না। আমাদের ইসলাম ধর্মের কোথাও লিখা নেই, অমুসলিমদের প্রতি খারাপ আচরণ করতে হবে, তাদের পূজামণ্ডপ বা মন্দিরে আক্রমণ করতে হবে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে–পুড়িয়ে দিতে হবে। আমাদের ইসলাম ধর্ম কখনোই এ ধরনের অন্যায়কে সমর্থন করে না। এমনকি কোনো অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে তাঁর সেবাযত্ন করাকেও ইসলাম নিষেধ করেনি।’

সাইফুল ইসলাম বলেন, ‘আমরা কারও উসকানিতে বা গুজবে কান দিয়ে অন্য ধর্মের মানুষের বাড়ি ঘরে আক্রমণ করতে পারি না। কারও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাতে পারি না, কাউকে জোরপূর্বক বাস্তুচ্যুত ও ধর্মচ্যুত করতে পারি না। আসুন, সবাই মিলেমিশে বসবাস করি এবং দেশের কল্যাণে কাজ করি।’

হিন্দুদের বাড়িঘরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার জোর দাবি জানান এই বিশ্ববিদ্যালয়ছাত্র।

এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা ওই বিশ্ববিদ্যালয়ছাত্রের প্রচারণায় বাধা দেওয়া বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁকে বাধা দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি।