‘অসুখ সারাতি আইসে না অসুখ বাধাই নিয়া লাগে’
ভবনের মূল ফটক আটকানো। গেটের বাইরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে দীর্ঘ সারিতে দাঁড়ানো নানা বয়সী মানুষ। গেট কিছুক্ষণ পরপর খুলছে, তখনই হুড়মুড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা। বৃষ্টি, দীর্ঘ সারি আর হুড়োহুড়ির এ চিত্র খুলনা সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাসের টিকাদানের একটি কেন্দ্রে।
নগরের দোলখোলা এলাকার ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের ওই কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। ভিড়ের দৃশ্য দেখা যায় বেলা ১১টার দিকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ৫২ বছর বয়সী লাকি খাতুনের কথাতেও এই টিকাদানকেন্দ্রের দৃশ্যের বর্ণনা পাওয়া যায়।
লাকি খাতুন বলছিলেন, ‘সকাল থাইকে লাইনে দাঁড়ায়ে আছি। গরিব মানষির ত্রাণ নেওয়ার চাইয়ে বেশি ভিড়। আবার বৃষ্টির মধ্যি ভিজে ঠান্ডাও লাগতিছে। অসুখ সারাতি আইসে না অসুখ বাধাই নিয়া যাওয়া লাগে।’
লাকি খাতুনের সঙ্গে লাইনে দাঁড়ানো অন্য নারীদের কণ্ঠেও ছিল বিরক্তি। অনেকে স্বজনদের কাছে ফোন দিয়ে অন্য কেন্দ্রের পরিস্থিতি জেনে সেখানে চলে যাচ্ছেন। সবুরা খাতুন নামের একজন বললেন, পেছনে দাঁড়ানো অনেকে লাইনে ঢুকে যাচ্ছে। কিছু লোক তাঁদের পরিচিতদের লাইনে ঢুকতে দিচ্ছেন।
কেন্দ্রটিতে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শারীরিক দূরত্বের কোনো বালাই ছিল না। কেউ মাস্ক পরেছেন, কেউ পরেননি। বেশির ভাগেরই মাস্ক ছিল না জায়গামতো। কেন্দ্রের ভেতরের দু-একজন কর্মীর মাস্কও ছিল থুতনিতে।
সংবাদকর্মী পরিচয় দিয়ে ভেতরে ঢুকে দেখা গেল, একটি কক্ষের এক কোনায় কাপড় দিয়ে ঘিরে তাঁর ভেতর টিকা দেওয়া হচ্ছে। ভেতরে টিকা নেওয়ার আগে অপেক্ষা করা এবং নেওয়ার পরে বিশ্রামের জন্য বেশ কিছু চেয়ার আছে। টিকাদান কক্ষের সামনে একটি টেবিলে প্রশিক্ষিত কর্মীরা জাতীয় পরিচয়পত্রের প্রতিলিপি জমা নিয়ে নিবন্ধন করে দিচ্ছেন। খাতায় লিখে নিবন্ধনের পর দেওয়া হচ্ছে একটি টিকা কার্ড।
দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভেতরে টিকার জন্য অপেক্ষা করছিলেন শরিফা বেগম। সকাল সাড়ে ছয়টার দিকে তিনি এসেছিলেন। শরিফা বলেন, নিজের চায়ের দোকান আছে। ভেবেছিলেন সকাল সকাল টিকা দিয়ে দোকানে গিয়ে বসবেন। কিন্তু কেন্দ্রের ভেতরে ঢুকতেই ১২টা বেজে যায়। অনেকে ঠেলাঠেলি করে ঢুকেছেন, তিনি পারেননি।
কেন্দ্রের কর্মীরা জানান, শৃঙ্খলা মেনেই লাইনে দাঁড়ানো ব্যক্তিদের ভেতরে ঢোকানো হচ্ছে। বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গাজী আবদুল আল নোমান নামের একজন স্বেচ্ছাসেবী বলেন, ১০ জন করে কেন্দ্রের ভেতরে ঢোকানো হচ্ছে। তাঁদের নিবন্ধন করিয়ে টিকা কার্ড দেওয়ার পর টিকা দেওয়া হচ্ছে। পরে আবার ১০ জনকে ঢোকানো হচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে ১৫ মিনিটের মতো লাগছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৮০ জনকে টিকা দেওয়া হয়।
দুপুর সোয়া ১২টার দিকে ২৪ নম্বর ওয়ার্ডের রায়পাড়া নবারুণ সংসদ ক্লাব কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো ধরনের লাইন নেই। টিকা নিতে আসা ব্যক্তিরা ভিড় করে আছেন যত্রতত্র। স্থানীয় কাউন্সিলর ও কেন্দ্রের কর্মীরা মানুষকে আশ্বস্ত করছিলেন, দেরি হলেও বা এক দিন পরে হলেও সবাই টিকা পাবেন।
এ কেন্দ্রে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ১৫০ জনকে টিকা দেওয়া হয়। ওই সময় আরও ৫০ জনের নিবন্ধনপ্রক্রিয়া চলছিল। একটি কেন্দ্রে মোট ২০০ জনকে এক দিনে টিকা দেওয়ার কথা। যাঁরা টিকা পাননি, তাঁদের ১৪ আগস্ট আসতে বলছিলেন কেন্দ্রের কর্মীরা।