শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বি এম মনির হোসেনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
মনির হোসেন বলেন, উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান বাদশা শেখের তিন ছেলের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মনির হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। গতকাল হামলায় আহত হওয়ার পর তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মোক্তারেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাদশা শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌকিদার। ওই নির্বাচনে শাহ আলম চৌকিদারকে সমর্থন করেন মনির হোসেন। নির্বাচনের পর ১৩ জানুয়ারি ইউনিয়নের মুলপাড়া গ্রামে একটি বাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাদশা শেখের এক সমর্থক একটি মামলা করেন। এতে মনির হোসেনসহ তাঁর পরিবারের ১১ সদস্যকে আসামি করা হয়।
গতকাল মঙ্গলবার ওই মামলায় হাজিরা দিতে শরীয়তপুর আদালতে যান মনির হোসেন। ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নড়িয়া বাজারে তাঁদের ওপর হামলা হয়। হামলায় নেতৃত্ব দেন বাদশা শেখের ছেলে ইউনুছ শেখ, রাকিব শেখ ও সিহাব শেখ। তাঁর ছেলে রাজ ব্যাপারীকে পিটিয়ে আহত করা হয়েছে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন মনির হোসেন আজ বুধবার বলেন, ‘সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে নির্যাতন, নিগ্রহের শিকার হয়েছি। আমার হাত-পা প্যারালাইজড। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারি না। তারপরও আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। বাদশা শেখের নির্দেশে তাঁর ছেলেরা পিটিয়ে আহত করেছে।’
মনির হোসেনের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বাদশা শেখ বলেন, ‘মনির ও তাঁর পরিবারের সদস্যরা আমার বিপক্ষে নির্বাচন করেছেন। নির্বাচনে জয়-পরাজয় থাকবে। তা সবাইকে মেনে নিতে হবে। কিন্তু তাঁরা আমার এক সমর্থকের বাড়িতে ভাঙচুর ও বোমা হামলা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নড়িয়া বাজারে বসে আমাকে ও আমার সমর্থকদের গালিগালাজ করছিলেন। তখন স্থানীয় লোকজন তাঁকে মারধর করেছেন। আমার ছেলেরা সেখানে ছিল না। হামলার বিষয়ে আমিও কিছু জানি না।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মনির হোসেনকে পুলিশ উদ্ধার করেছে। চেয়ারম্যান বাদশা শেখের ছেলেদের বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটা মামলা হিসেবে রেকর্ড করা হবে।