অসুস্থ ঘোড়াটির চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ উদ্যোগে ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান। বুধবার উপজেলার করেরহাট বাজারে
ছবি: সংগৃহীত

পেছনের পায়ে ক্ষত নিয়ে মৃত্যুর অপেক্ষায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট বাজারে পড়েছিল মালিকবিহীন ঘোড়াটি। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাসছিল অসুস্থ ঘোড়াটির ছবি। ছবিটি দেখে নিজ উদ্যোগে ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান। চিকিৎসা পেয়ে বেওয়ারিশ ঘোড়াটি সুস্থ হতে শুরু করেছে।

করেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুর রহিম জানান, সাত-আট মাস ধরে করেরহাট বাজারের পূর্ব পাশের ঘেড়ামারা গ্রামের চরে মালিকবিহীন ওই ঘোড়াটি ছিল। পায়ে ক্ষত হওয়ার পর এক সপ্তাহ আগে ঘোড়াটির চলাফেরা বন্ধ হয়ে গেলে কে বা কারা সেটি করেরহাট বাজারে ফেলে যায়।

আবদুর রহিম আরও জানান, হাঁটতে না পারায় খাবারের অভাবে সেখানেই মৃত্যুর প্রহর গুনছিল প্রাণীটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোড়াটির এমন পরিণতির বিষয়টি প্রকাশিত হলে ইউএনও এসে প্রাণীটির চিকিৎসার দায়িত্ব নেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, করেরহাট বাজারে চিকিৎসা না পেয়ে বেওয়ারিশ একটি ঘোড়া মারা যাচ্ছে জানতে পেরে তিনি সেটি দেখতে যান। একজন পশু চিকিৎসক দিয়ে সেটির চিকিৎসা দেওয়া শুরু করি। পেছনের ডান পায়ে গভীর ক্ষত হওয়ায় ঘোড়াটি উঠে দাঁড়াতে পারছিল না। চিকিৎসার পর এখন ঘোড়াটির অবস্থার উন্নতি হয়েছে। সুস্থ হলে স্থানীয় এক ব্যক্তি ঘোড়াটি পালবেন বলে জানান তিনি।