অসুস্থ হয়ে পড়ায় খুলনার মেয়রকে আনা হলো ঢাকায়
অসুস্থ হয়ে পড়ায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ রোববার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএমএইচ) আনা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতাল চত্বর থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।
মেয়রের সঙ্গে ঢাকায় এসেছেন তাঁর সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
গতকাল শনিবার ডায়াবেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেয়র আবদুল খালেক। এক দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে তাঁকে ঢাকায় আনা হয়।
তালুকদার আবদুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা প্রথম আলোকে বলেন, ১৫ মে পর্যন্ত মেয়র ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন থাকবেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হবে।